Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 24 Jul 2026 06:44
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়ার সমাধিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয়তাবাদী ওলামা দলের খতমে কোরআন পরবর্তী দোয়া মোনাজাতে অংশ নেন খালেদা জিয়া। পরে রাজধানীর বিভিন্ন স্পটে দু:স্থদের মাঝে খাবার বিতরণ কার্যক্রমে বেরিয়ে পড়েন তিনি।

জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে বিএনপি। সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন ছাড়াও অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- মঙ্গলবার (৩০ মে) সকাল ৬টায় পল্টনে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত ও দলীয় পতাকা উত্তোলন।

এছাড়া দুপুরের পর রাজধানীর ২৪টি স্পটে গরীব দুঃস্থদের মাঝে খালেদা জিয়ার বস্ত্র ও খাবার বিতরণ, জিয়ার কবরের পাশে ওলামা দলের দোয়া মাহফিল এবং ড্যাবের রক্তদান কর্মসূচি।

জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯শে জানুয়ারি বগুড়ার বাগবাড়ী গ্রামে জন্ম গ্রহণ করেন। বাবার নাম মনসুর রহমান এবং মা জাহানারা খাতুন ওরফে রানী। পাঁচ ভাইয়ের মধ্যে জিয়া ছিলেন দ্বিতীয়।

১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু বিপথগামী সেনা সদস্যের এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন তিনি।

(এমআইআর/ ৩০ মে ২০১৭)