Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 29 Jul 2026 09:18
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: চীনের সিনোফার্মের তৈরি করোনার (কোভিড-১৯) টিকার অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

বিবিসির খবরে বলা হয়, নিজেদের উৎপাদিত টিকার মাধ্যমে দেশে এবং বিশ্বের আরও ৪৫টি দেশের কোটি কোটি মানুষকে টিকা দিয়েছে চীন।

এদিকে চীনা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, এই টিকা নতুন করে করোনা আক্রান্ত না হওয়ার ক্ষেত্রে ৭৯ দশমিক ৩৪ শতাংশ পর্যন্ত কার্যকর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের আগেই অবশ্য চীন, সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের মতো দেশে টিকাটির ৬৫ মিলিয়ন ডোজ প্রয়োগ করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, জরুরি পরিস্থিতিতে বিশ্বজুড়ে করোনা মোকাবিলায় টিকা প্রয়োগের হার বাড়াতে সাহায্য করবে সিনোফার্মের টিকার এই অনুমোদন। তবে প্রতিটি দেশকেই এই টিকা প্রয়োগের ক্ষেত্রে নিজেদের মতো সিদ্ধান্ত নেওয়ার পরামর্শও দিয়েছে সংস্থাটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ট্রেড্রোস এডানম বলেন, এই অনুমোদন প্রতিটি দেশকে নিজেদের মতো করে টিকাটি যাচাই-বাছাই করতে বিশ্বাস জোগাবে।

১৮ বছর এবং তার থেকে বেশি বয়সী মানুষের ক্ষেত্রে এই টিকা প্রয়োগ করার কথা বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

চীনের আরেক টিকা ‘সিনোভ্যাক’ এবং রাশিয়ার ‘স্পুটনিক’ অনুমোদন সংক্রান্ত সিদ্ধান্তও দ্রুত জানাতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্বের অর্ধশতাধিক দেশ এরই মধ্যে চীনের সিনোফার্মের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। এর মধ্যে বাংলাদেশ ছাড়াও রয়েছে আফ্রিকা, লাতিন আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশ।

(এসএএম/০৮ মে ২০২১)