
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: সুইজারল্যান্ড সরকারকে তেল ও গ্যাস অনুসন্ধানে বিনিয়োগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি দেশের বিদ্যমান বিনিয়োগবান্ধব পরিবেশের কথা উল্লেখ করে সুইজারল্যান্ডের ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের বিদ্যুৎ উৎপাদন, নবায়নযোগ্য শক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে অধিক বিনিয়োগের আমন্ত্রণ জানানো হয়েছে।
গত ২৯ মে সুইজারল্যান্ডের বার্নে অনুষ্ঠিত তৃতীয় দ্বি-পাক্ষিক পর্যালোচনা সভায় বাংলাদেশের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয় বলে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বি-পাক্ষিক ও কনস্যুলার) কামরুল আহসান। সুইজারল্যান্ডের পক্ষে নেতৃত্ব দেন দেশটির ফেডারেল ফরেন অফিসের অ্যাসিস্টেন্ট স্টেট সেক্রেটারি (এশিয়া অ্যান্ড প্যাসেফিক) অ্যাম্বাসেডর জোহানেস ম্যাটায়সি।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৈঠকে বাংলাদেশ থেকে আরও অধিক পরিমাণে পণ্য আমদানির জন্য সুইজারল্যান্ডকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া দু’পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, জলবায়ু পরিবর্তন, অভিবাসন, সন্ত্রাস ও সহিংস জঙ্গিবাদ, মানবাধিকার ও মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থী বিষয়ক বিভিন্ন দ্বি-পাক্ষিক ও আন্তর্জাতিক বিষয়ে ফলপ্রসু আলোচনা করেন।
এ সময় সুইজারল্যান্ডের পক্ষ থেকে গত বছরের অক্টোবর পরবর্তী সময়ে মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সরকারি বাহিনীর অমানবিক অত্যাচার ও নিধনযজ্ঞে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। পাশাপাশি রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের মানবিক আচরণেরও ভূয়সী প্রশংসা করেন সুইস কর্তৃপক্ষ।
বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত আহসান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বিভিন্ন সেক্টরে বাংলাদেশের অব্যাহত উন্নয়নের ওপর আলোকপাত করেন এবং রূপকল্প ২০২১ বাস্তবায়নে সুইস সরকারের সহযোগিতা কামনা করেন।
বৈঠকে সুইস উন্নয়ন সহযোগিতার অংশ হিসেবে সন্ত্রাসবাদ প্রতিরোধে বাংলাদশেকে সমর্থন ও সহায়তা অব্যাহত রাখার প্রস্তাব দেয়া হয়। এ সময় জাতিসংঘসহ বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।
দুই দেশের মধ্যকার পরবর্তী দ্বি-পাক্ষিক পর্যালোচনা বৈঠক আগামী বছর ঢাকায় অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
(ইউএম/ এসএএম/ ৩১ মে ২০১৭)