
বিনিয়োগবার্তা ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ায় সদর দপ্তর হিসেবে সিঙ্গাপুরকে বেছে নিয়েছে জার্মান টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান বায়োএনটেক। এশিয়া প্যাসিফিক অঞ্চলে কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে টিকা সরবরাহ আরো বাড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। খবর: ব্লুমবার্গ।
সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।
বায়োএনটেক জানায়, সিঙ্গাপুরে স্থাপিত তাদের উৎপাদন কেন্দ্রটি আনুমানিক ২০২৩ সাল নাগাদ কার্যক্রম শুরু করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। এ উৎপাদন কেন্দ্রের ফলে অন্তত ৮০ জনের কর্মসংস্থান তৈরি হবে।
বায়োএনটেক জানায়, সিঙ্গাপুরের পরিকল্পিত কারখানাটি তাদের বৈশ্বিক কভিড টিকা সরবরাহে এবং চিকিৎসায় সাহায্য করবে। একই সঙ্গে দক্ষিণপূর্ব এশিয়ায় ভবিষ্যতে যেকোনো মহামারী প্রতিরোধে আরো দ্রুত সাহায্য করার জন্যও সহায়ক হবে এ কারখানা।
মার্কিন ফার্মা জায়ান্ট ফাইজারের সঙ্গে যৌথভাবে কভিডের টিকা উৎপাদকারী বায়োএনটেক জানায়, সিঙ্গাপুরে তাদের এ উৎপাদন কেন্দ্রটি পশ্চিমা দেশগুলোয় অর্থনৈতিক বিপর্যয় কমিয়ে আনতে এবং অর্থনৈতিক কার্যক্রম গতিশীল করে তুলতে সহায়তা করবে। একই সঙ্গে বিশ্বব্যাপী কভিড টিকার ডোজ সরবরাহকে আরো বেগবান করবে।
বয়োএনটেক জানায়, নতুন এ উৎপাদন কেন্দ্র সিঙ্গাপুরের অর্থনীতিতেও উল্লেখযোগ্য অবদান রাখবে। পাশাপাশি এটি সিঙ্গাপুর শহরের ব্যবসায়ের উপযোগী পরিবেশকেও আরো সহজ ও নিরাপদ করে তুলবে।
এ বিষয়ে বায়োএনটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা উগুল শাহিন বলেন, পরিকল্পিত কভিড টিকা উৎপাদন কেন্দ্রের মাধ্যমে আমরা আমাদের বৈশ্বিক যোগাযোগ এবং আমাদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করতে পারব। একই সঙ্গে বিশ্বব্যাপী আমাদের টিকা ও চিকিৎসাগুলো আরো সহজে পৌঁছে দিতে পারব।
(এসএএম/১৫ মে ২০২১)