
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বেশ বিপাকে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। প্রধানমন্ত্রীর পদ থেকে তাকে সরিয়ে দেয়ার চেষ্টায় রয়েছে বিরোধীরা। ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন নেতানিয়াহু। সম্প্রতি তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে বিরোধীরা একটি জোট সরকার গঠন করতে যাচ্ছে।
যদি এই জোট সরকার গঠিত হয় তাহলে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর একযুগের শাসনের অবসান ঘটবে। কিন্তু ক্ষমতা ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছেন এই ইসরায়েলি প্রধানমন্ত্রী। সাম্প্রতিক সময়ে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলায় বিচার চলছে।
বেঞ্জামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, প্রস্তাবিত জোট সরকার দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক হবে। কিন্তু বসে নেই বিরোধীরাও। নেতানিয়াহুকে সরিয়ে দিতে বিরোধী দলগুলো ইতোমধ্যেই চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে। অপরদিকে নেতানিয়াহু ডানপন্থি রাজনীতিবিদদের আহ্বান জানিয়েছেন যেন, তারা এই চুক্তির পক্ষে সমর্থন না দেয়।
এদিকে জোট সরকার গঠনের লক্ষ্যে উগ্র – জাতীয়তাবাদী নেতা নাফতালি বেনেট মধ্যপন্থী দলের নেতা ইয়ের ল্যাপিডের সঙ্গে সমঝোতা চুক্তি করতে চলেছেন বলে জানা গেছে। রবিবার এই চুক্তির পক্ষে সমর্থন জানিয়েছে বেনেটের দল। এই দলের ছয়টি আসন ইসরায়েলে জোট সরকার গঠনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বুধবারের মধ্যেই নতুন সরকার গঠন হতে পারে বলে জানিয়েছেন ল্যাপিড। তিনি বলেন, যদি জোট সরকার গঠনে আমরা সফল হই তাহলে দেশের দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সরে যেতে হবে নেতানিয়াহুকে।
ধারণা করা হচ্ছে, জোট সরকার গঠন হলে এর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন নাফতালি বেনেট। তাকে নেতানিয়াহুর স্থলাভিষিক্ত করা হতে পারে। ৪৯ বছর বয়সী এই ধনকুবের ইয়ামিনা পার্টির নেতৃত্ব দিচ্ছেন।
গত মার্চে ইসরায়েলে সাধারণ নির্বাচন ভোট অনুষ্ঠিত হয়। এতে জয় পেয়ে আবারও প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন নেতানিয়াহু। তবে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়েছিলেন তিনি। চার বছরের মধ্যে দেশটি দু’বার ভোট অনুষ্ঠিত হয়েছে। টানা ১২ বছর ধরে ইসরায়েলের ক্ষমতা দখল করে রেখেছেন নেতানিয়াহু।
রবিবার এক বিবৃতিতে ৭১ বছর বয়সী নেতানিয়াহু বলেন, ‘বামপন্থী সরকার গঠন করবেন না। এ ধরনের সরকার ইসরায়েলের নিরাপত্তা ও দেশের ভবিষ্যতের জন্য বিপজ্জনক।’
নেতানিয়াহু অভিযোগ করেছেন যে, বেনেট জনগণকে ভুল পথে পরিচালিত করছেন। অপরদিকে টেলিভিশনে দেয়া এক ভাষণে বেনেট জানান, তার দল একটি জোট সরকার গঠনের জন্য আলোচনায় যোগ দেবে। তিনি বলেন, ‘আমার বন্ধু ইয়ের ল্যাপিডের সঙ্গে যুক্ত হয়ে একটি জাতীয় জোট সরকার গঠনে আমি সবকিছুই করব।’
(ডিএফই/৩১ মে, ২০২১)