Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 17 Jun 2026 07:16
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: আগামীকাল মঙ্গলবার থেকে ঢাকা-কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এছাড়া দেশের দুটি বেসরকারি এয়ারলাইনস কর্তৃপক্ষও একই দিন ফ্লাইট শুরুর তথ্য নিশ্চিত করেছে।

করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর গত ৫ এপ্রিল থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনায় নিষেধাজ্ঞা দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এরপর ২০ এপ্রিল থেকে দেশের অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হলেও ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে উড়োজাহাজ চলাচল এত দিন বন্ধ ছিল। প্রায় দুই মাস পর সেটি আগামীকাল থেকে চালু হচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার গণমাধ্যমকে বলেন, স্বাস্থ্যবিধি মেনে ঢাকা-কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত নির্দেশনা আসেনি। তবে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এদিকে নভোএয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে তারা আগামীকাল থেকে ঢাকা-কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা করবেন।

ঢাকা থেকে সকাল সাড়ে ৯টা ও বেলা ৩টা এবং কক্সবাজার থেকে বেলা ১১টা ৫ মিনিটে ও বিকাল ৪টা ৩৫ মিনিটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি এই এয়ারলাইনস।

অন্যদিকে ইউএস-বাংলা এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা-কক্সবাজার রুটে ইউএস-বাংলা প্রতিদিন চারটি ফ্লাইট পরিচালনা করবে। ঢাকা থেকে কক্সবাজার সকাল সাড়ে ৯টায় ও বেলা সাড়ে ৩টায় এবং কক্সবাজার থেকে ঢাকায় বেলা ১১টা ৫ মিনিটে ও বিকাল ৫টা ৫ মিনিটে ফ্লাইট চলবে।

ঢাকা থেকে কক্সবাজারের ন্যূনতম ভাড়া সব ধরনের ট্যাক্স ও সারচার্জসহ ওয়ানওয়ের জন্য মোট ৪ হাজার ২৯৯ টাকা এবং রিটার্ন ভাড়া ৮ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করেছে ইউএস-বাংলা।

(এসএএম/৩১ মে ২০২১)