
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরিয়ে নতুন জোট সরকার গঠনে একমত হয়েছে দেশটির বিরোধীদলীয় জোট। বুধবার শরিক দলগুলোর সঙ্গে সমঝোতায় আসার পর প্রেসিডেন্ট রুবেন রিভলিনকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা মধ্যপন্থী ইয়েশ আতিদ দলের ইয়ায়ের লাপিদ। খবর বিবিসি।
তাদের এই জোট সরকারে বেশ কিছু ছোট ও মাঝারি দলও শরিক হচ্ছে। তাদের মধ্যে আছে ইসরায়েলের ২১ শতাংশ আরব সংখ্যালঘুর প্রতিনিধিত্বকারী দল দ্য ইউনাইটেড আরব লিস্ট।
জোট সরকারে অন্যান্য দলের মধ্যে আছে প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টসের মধ্য-বামপন্থি ব্লু অ্যান্ড হোয়াইট দল, বামপন্থি মেরেৎস ও লেবার পার্টি, সাবেক প্রতিরক্ষামন্ত্রী আভিগদোর লিবারম্যানের কট্টরপন্থি দল ইসরায়েল বেইতেনু এবং আরেকটি কট্টরপন্থি দল নিউ হোপ, যার নেতৃত্বে আছেন সাবেক শিক্ষামন্ত্রী গিডেওন সার।
লাপিদ নির্ধারিত সময়ের মধ্যে একটি জোট গঠন করতে সক্ষম হলেও তার নতুন সরকারকে পার্লামেন্টে আস্থা ভোটে জিততে হবে। তবেই নতুন সরকার শপথ গ্রহণ করতে পারবে।
দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকার গঠন ঠেকাতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্ভাব্য সব ধরনের রাজনৈতিক কূটচাল প্রয়োগ করবেন। এমনকি ইয়ামিনা দলের নেতাদেরও ভাগিয়ে নেওয়ার চেষ্টাও করতে পারেন তিনি।
লাপিদের ঘোষণা প্রচারে পর নেতানিয়াহু বিরোধীরা উচ্ছ্বাস প্রকাশ করেন দেশটির রাজধানী তেল আবিবে।
(ডিএফই/০৩ জুন, ২০২১)