Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 30 Jul 2026 05:04
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: যৌথ উদ্যোগে দুটি কারখানার সক্ষমতা বাড়াচ্ছে ডেইমলার এজি ও চীনের বিএআইসি। এজন্য বেইজিংয়ে অবস্থিত কারখানা দুটিতে কর্মঘণ্টা ও কর্মদিবস বাড়ানোর পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। আর এতে মার্সিডিজ বেঞ্জ গাড়ি তৈরির সক্ষমতা ৪৫ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে। খবর: রয়টার্স।

খবরে বলা হয়, বিশ্ববাজারে বেইজিং বেঞ্জ অটোমোটিভ করপোরেশন (বিবিএসি) নামে এ যৌথ উদ্যোগের তৈরি বিলাসবহুল গাড়ির চাহিদা বাড়ছে। আর চীন ডেইমলারের সবচেয়ে বড় ব্যবসাক্ষেত্র। যুক্তরাষ্ট্র ও জার্মানিতে সম্মিলিতভাবে যে পরিমাণ গাড়ি বিক্রি হয়, তার চেয়ে বেশি গাড়ি চীনে বিক্রি করে সংস্থাটি।

গত বছর চীনে রেকর্ড সংখ্যক ৬ লাখ ১১ হাজার গাড়ি বিক্রি করে বিবিএসি, যা ২০১৯ সালের চেয়ে ৮ শতাংশ বেশি। তবে তাদের কারখানার সক্ষমতা কতটুকু, সে সম্পর্কে স্পষ্ট করে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। তবে এর আগে একবার তারা বলেছিল, দুটি কারখানা মিলে বছরে ৫ লাখ ২০ হাজার গাড়ি উৎপাদন করতে পারে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, যৌথ এ উদ্যোগের বেইজিংয়ের দুটি কারখানায়ই বছরে কর্মদিবস ৩১২ দিনে উন্নীত করা হয়েছে। এর আগে এমআরএ কারখানার বার্ষিক কর্মদিবস ছিল ২৯০ দিন এবং এমএফএ কারখানায় কর্মদিবস ছিল ২৫০ দিন।

একটি কারখানায় কর্মঘণ্টা বাড়িয়ে সাড়ে ৭ ঘণ্টায় উন্নীত করা হয়েছে। এর মাধ্যমে উৎপাদন সক্ষমতা বাড়ানোর প্রত্যাশা করা হচ্ছে। তবে উৎপাদন বৃদ্ধির জন্য বিনিয়োগ বাড়ানো হয়েছে কিনা, তেমন কোনো তথ্য জানা যায়নি। পাশাপাশি বিবিএসি বেইজিংয়ে বৈদ্যুতিক গাড়ির একটি কারখানাও চালু করেছে, যার বার্ষিক উৎপাদন ক্ষমতা দেড় লাখ।

বিবিএসির বাইরে আগামী বছর ডেইমলার চীনের গিলির সঙ্গে যৌথ উদ্যোগে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে যাবে বলেও জানা গেছে। কারণ দেশটিতে ক্রমেই বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ছে।

(এসএএম/০৯ জুন ২০২১)