Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 18 Jul 2026 18:25
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আসন্ন ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে যুব ও ক্রীড়া খাতের উন্নয়নে ১ হাজার ৩৮৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। যা চলতি অর্থবছরের জন্য এই খাতে বরাদ্দের তুলনায় ৪৬৫ কোটি টাকা বেশি।

বৃহস্পতিবার (০১ জুন) জাতীয় সংসদে আগামী ২০১৭-১৮ অর্থবছরের বাজেট বক্তৃতায় যুব ও ক্রীড়া খাতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

গত ২০১৬-১৭ অর্থবছরে যুব ও ক্রীড়া খাতে ৯২২ কোটি টাকা বরাদ্দ দিয়েছিল অর্থ মন্ত্রণালয়। আগামী অর্থবছরের জন্য এই খাতের বরাদ্দ ৪৬৫ কোটি টাকা বাড়িয়ে ১ হাজার ৩৮৭ কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে।

গত ২০১৫-১৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এই ব্যয় দেখানো হয়েছে ৯৫৯ কোটি টাকা।

আগামী অর্থবছরের জন্য বরাদ্দকৃত ১ হাজার ৩৮৭ কোটি টাকার মধ্যে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩২৭ কোটি টাকা। একইসঙ্গে অনুন্নয়ন ব্যয়ের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১ হাজার ৫৯ কোটি টাকা।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, শিক্ষিত ও বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলা এবং তাদের কর্মসংস্থানের লক্ষ্যে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি কার্যক্রম পর্যায়ক্রমে সারাদেশে সম্প্রসারণের পরিকল্পনা আমাদের রয়েছে। দেশ-বিদেশের শ্রম বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশিক্ষণ কর্মসূচি ও প্রশিক্ষণ পাঠক্রম পরিমার্জনের পরিকল্পনাও রয়েছে।

তিনি বলেন, গত বাজেটে আমি একটি জাতীয় স্পোর্টস কমপ্লেক্স ও জাতীয় কনভেনশন কেন্দ্রের কথা বলেছিলাম। এবার বলতে পারি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পূর্বাচলে সব ধরনের খেলাধুলার সুবিধাযুক্ত স্পোর্টস কমপ্লেক্স তৈরির জন্য শিগগির দরপত্র আহ্বান করা হবে।

এছাড়া সাভারে ১২ একর খাস জমির উপর আন্তর্জাতিক মানের প্রতিবন্ধী ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা করেছে বলেও জানান অর্থমন্ত্রী।

(এমআইআর/ ০১ জুন ২০১৭)