Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 24 Jul 2026 22:07
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে শুক্রবার আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সঙ্গে তর্ক করা, স্ট্যাম্পে লাথি মারা ও পরে স্ট্যাম্প ভেঙে মাঠে আছড়ে ফেরায় মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসানকে ৪ ম্যাচ নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি তাকে ৫ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় গুলশানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসভবনে এ সিদ্ধান্তের কথা জানায় ঢাকার ক্রিকেট লিগের নিয়ন্ত্রক সংস্থা সিসিডিএম।

আম্পায়ার ও মাঠকর্মীদের গালাগাল ও ক্রিকেট সরঞ্জাম নষ্ট করার মধ্য দিয়ে বিসিবির ‘কোড অব কন্ডাক্ট’ এর লেভেল-৩ ভেঙেছেন সাকিব। ফলে তাকে নিষেধাজ্ঞা ও জরিমানা করা হলো। শাস্তি মেনে নিয়েছেন তিনি।

শুক্রবার প্রিমিয়ার লিগ ম্যাচে আবাহনী অধিনায়ক মুশফিকুর রহিমের বিপক্ষে বোলিং করার সময় লেগ বিফোরের আবেদন জানান সাকিব, যাতে আম্পায়ার সাড়া দেননি। এতে ক্ষুব্ধ সাকিব লাথি মেরে স্ট্যাম্প ভেঙে দেন। এখানেই শেষ নয়। বৃষ্টির কারণে আম্পায়ার খেলা বন্ধ করে দিলে আরেকবার ক্ষেপে যান বিশ্বসেরা অলরাউন্ডার। এ যাত্রায় তিনি স্ট্যাম্প ভেঙে মাঠে আছড়ে মারেন।

এদিন আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গেও বিবাদে জড়িয়েছেন সাকিব। মাঠ ছাড়ার সময় গ্যালারির দিকেও তিনি অশোভন ইঙ্গিত করেন। এরপর সুজন ড্রেসিংরুম ছেড়ে বেরিয়ে আসতে থাকেন, তখন দুজনকে আলাদা করেন অন্যরা।

পরে ড্রেসিংরুমে গিয়ে সুজনের কাছে কৃতকর্মের জন্য ক্ষমা চান সাকিব। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি সমর্থকদের কাছে দুঃখপ্রকাশ করেন। যদিও তাতে শাস্তি এড়াতে পারলেন না সাকিব।

(এসএএম/১২ জুন ২০২১)