Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 12:11
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: চলতি অর্থবছরের প্রথম আট মাসে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২ ট্রিলিয়ন ডলার। নভেল করোনাভাইরাস মহামারী মোকাবেলায় সরকারের দেয়া প্রণোদনা অর্থনীতিতে প্রবেশ করার পর এ অবস্থা সৃষ্টি হয়েছে। খবর ব্লুমবার্গ।

খবরে বলা হয়, চলতি বছরের মে মাস পর্যন্ত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২ দশমিক শূন্য ৬ ট্রিলিয়ন। বছরের শুরুতে এ ঘাটতির পরিমাণ ছিল ১ দশমিক ৮৮ ট্রিলিয়ন ডলার।

সম্প্রতি মার্কিন ট্রেজারি বিভাগ কর্তৃক প্রকাশিত এক তথ্যে এমনটা দেখা যায়।

মে মাসে বাজেট ঘাটতির পরিমাণ ছিল ১৩ হাজার ২০০ কোটি ডলার। কভিড-১৯-এর ফলে ত্রাণ অনুমোদনের কারণে ২০২০ সালের একই মাসে বাজেট ঘাটতির পরিমাণ ছিল ৩৯ হাজার ৮৮০ কোটি ডলার।

রিপাবলিকান ও কনজারভেটিভ দলের সদস্যরা মার্কিন অর্থনীতিতে ক্রমবর্ধমান ঋণের হার নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। বিশেষ করে যখন মূল্যস্ফীতি এসব ঋণের সুদ পরিশোধকে আরো বৃদ্ধি করে থাকে। বাইডেন প্রশাসন জানায়, আগামী দশকে জাতীয় ঋণের হার খুব সামান্যই বৃদ্ধি পাবে।

গত মাসে প্রকাশিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবিত বাজেটে ২০২২ সালের জন্য বাজেট ঘাটতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ৮৪ ট্রিলিয়ন ডলার। চলতি বছরের শেষ নাগাদ মার্কিন বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়াতে পারে ৩ দশমিক ৬৭ ট্রিলিয়ন ডলারে।

(এসএএম/১৩ জুন ২০২১)