Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 03 Aug 2026 12:34
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অবৈধভাবে গড়ে তোলা কয়েকটি বালুঘাট উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন।

শনিবার পদ্মায় প্রশাসনের অভিযানের মুখে ফিরে গেছে বালি বোঝাই বেশ কয়েকটি বলগেট জাহাজ।

জানা গেছে, সরকারি দলের ছত্রচ্ছায়ায় স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মী ঘাট ও ঘাটের সংযোগ সড়কের দুপাশ দখল করে এ বালি ব্যবসা চালিয়ে আসছিলেন। গতকাল শনিবার দুপুরে গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ঘাট এলাকায় যৌথভাবে অভিযান চালায়। অভিযানে দৌলতদিয়ার ৬ নং ও ৭ নং ফেরিঘাট এলাকায় গড়ে তোলা কয়েকটি বালুঘাট ভেঙে দেয়া হয়। এ সময় বালি নিয়ে আসা বেশ কয়েকটি বলগেট প্রশাসনের বাধায় ঘাটে ভিড়তে না পেরে ফিরে যায়। এছাড়া বেশ কয়েকটি বলগেট কোনো উপায় না পেয়ে ৬ নং ঘাটে বেঁধে রাখে।

অভিযানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুল হক খান মামুন, গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম, বিআইডব্লিউটিএর উপপরিচালক (বন্দর ও পরিবহন) মোহাম্মদ মাসুদ পারভেজ, নৌ-সংরক্ষণ ও পরিচালনা বিভাগের সহকারী পরিচালক মো. এনামূল হক, উপসহকারী প্রকৌশলী মো. মকবুল হোসেন, আরিচা বন্দর সমন্বয় কর্মকর্তা মো. বেলায়েত হোসেন প্রমুখ।

(এসকে/এসএএম/১৩ জুন ২০২১)