
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: সম্প্রতি পুঁজিবাজারের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করা বস্ত্র খাতের কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।
কোম্সূপানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ বৃহস্পতিবার (০২মার্চ) সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ (সিডিবিএল) এর মাধ্যমে লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা করা হয়েছে।
ইতোমধ্যে কোম্পানিটিকে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে। এখন কোম্পানিটির আবেদনের পরিপ্রেক্ষিতে যেকোনো দিন লেনদেনের তারিখ চূড়ান্ত করবে দেশের দুই পুঁজিবাজার।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি শেফার্ড ইন্ডাস্ট্রিজের আইপিওতে শেয়ার বন্টন করতে লটারি সম্পন্ন হয়েছে। কোম্পানিটি গত ৮ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত আইপিও আবেদন গ্রহণ করে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৫৮৯তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়।
পুঁজিবাজারে ২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা সংগ্রহ করেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ। আর এ লক্ষ্যে অভিহিত মূল্যে তথা ১০ টাকা দরে শেয়ার ইস্যু করে কোম্পানিটি। যার মার্কেট লট নির্ধারণ করা হয়েছে ৫০০টি শেয়ারে।
আর আইপিওর মাধ্যমে সংগ্রহ টাকা দিয়ে ওয়াশিং প্লান্ট ভবন নির্মাণ, সম্প্রসারণ, মেশিন ও সরঞ্জামদি ক্রয়, ইটিপি সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করবে কোম্পানিটি।
বিএসইসির তথ্য অনুযায়ী, ৩০ জুন, ২০১৬ পর্যন্ত সমাপ্ত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১.৪৬ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৮.৭০ টাকা।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
(এসএএম/ ০২ মার্চ ২০১৭)