Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 03 Aug 2026 13:24
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: নরসিংদীতে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুসহ অন্তত পাঁচ যাত্রী নিহত ও ৭ যাত্রী আহত হয়েছেন। হতাহতদের সবার বাড়ি ঢাকার আশুলিয়ার জিরাব এলাকায়। তারা পরস্পরের আত্মীয়।

শনিবার (১৯ জুন) দিবাগত রাত ১২টার দিকে ঘোড়াশাল-টঙ্গী আঞ্চলিক সড়কের মাধবদী থানার পাঁচদোনায় সাকুরা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মুক্তি আক্তার (৩০) ও তার ছেলে সাদিকুল (৮), রুবি আক্তার (৪০) ও তার মেয়ে রাহিমা (৩) এবং রোকেয়া আক্তার (৫২)।

এছাড়া আহতরা হলেন- সাইমা (১২), ইসরাত জাহান (৮), সামসুন্নাহার (৬০), শারমিন (৩৫), রাজিয়া (৪০), আ. রশিদ (৪০) এবং কাজীমুদ্দীন (৫২)।

আহতদের নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও আহতরা জানান, শনিবার সকালে ১৪ জন একটি হায়েস মাইক্রোবাস যোগে আব্দুর রশিদ ও তার পরিবাসের সদস্যরা সাভারের আশুলিয়ার জিরাবো এলাকা থেকে সিলেটে মাজার জিয়ারত করতে গিয়েছিলেন। শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করে জাফলং বেড়াতে যান তারা। সেখান থেকে আশুলিয়ায় বাড়ি ফিরছিলেন।

তারা জানান, মাইক্রোবাসটি পাঁচদোনা-ঘোড়াশাল-টঙ্গী সড়কের নরসিংদীর সাকুরা মোড়ে পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে রুবি আক্তার ও তার মেয়ে রাইমার মৃত্যু হয়। এ সময় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে গুরুতর আহতাবস্থায় চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু ঢাকায় নেওয়ার পথে কাদির মিয়ার স্ত্রী সামসুন্নাহার মারা যান।

এদিকে দুর্ঘটনার পর পর পাঁচদোনা-ঘোড়াশাল-টঙ্গী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত যানবাহনগুলোকে রাস্তা থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, ঘটনাস্থলেই তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে রাস্তায় আরও দুজন মারা যায়। ইতোমধ্যে ট্রাক জব্দ করা হয়েছে। বিস্তারিত তদন্তে পুলিশ কাজ করছে।

(এসএইচআর/এসএএম/২০ জুন ২০২১)