Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 29 Jul 2026 00:49
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: চীনা কোম্পানি থেকে সৌরবিদ্যুৎ উৎপাদনের যন্ত্রাংশ আমদানিসহ ৫ কোম্পানির সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম চালানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রশাসন। সম্প্রতি এক আদেশ জারি করে এ বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করে বাইডেন প্রশাসন।

শ্রমিকদের জোরপূর্বক শ্রমে বাধ্য করা এবং শ্রম অধিকার লঙ্ঘনের দায়ে চীনভিত্তিক হোশিনে সিলিকন ইন্ডাস্ট্রি কোম্পানি থেকে যন্ত্রাংশ আরোপের এ নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। খবর: রয়টার্স ও দ্য সাউথ চায়না মর্নিং পোস্ট।

অন্যদিকে অন্য এক আদেশে অভিযুক্ত কোম্পানি, আধা সামরিক বাহিনী নিয়ন্ত্রিত জিনজিয়াং প্রডাকশন অ্যান্ড কনস্ট্রাকশন কর্পস (এক্সপিসিসি) ও আরো তিনটি চীনা কোম্পানির সঙ্গে কোনো ধরনের রফতানি কার্যক্রম পরিচালনায়ও নিষেধাজ্ঞা দেয় মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়।

সংস্থাগুলোর বিরুদ্ধে উইঘুর মুসলিম ও অন্যান্য মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের শ্রমিকদের দ্বারা জোরপূর্বক শ্রমের অভিযোগ আনে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়। রফতানি নিষেধাজ্ঞার আওতায় থাকা জিনজিয়াং ডাকো নিউ এনার্জি কোম্পানি, জিনজিয়াং ইস্ট হোপ ননফেরস মেটাল কোম্পানি ও জিনজিয়াং জিসিএল নিউ এনার্জি ম্যাটেরিয়াল কোম্পানির ওপর অর্থনৈতিক অবরোধও আরোপ করে মার্কিন প্রশাসন।

মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় জানায়, অভিযুক্ত এসব কোম্পানি ও এক্সপিসিসি মানবাধিকার লঙ্ঘন, চীনের দমন নীতির বাস্তবায়ন, নির্বিচারে গণ আটক, জোরপূর্বক শ্রম এবং উইঘুর, কাজাখসহ জিনজিয়াংয়ে বসবাসরত অন্যান্য মুসলিম সংখ্যালঘুর ওপর উচ্চ প্রযুক্তির নজরদারি কার্যক্রমে জড়িত রয়েছে। মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক তালিকাভুক্ত এসব কোম্পানি মনোক্রিস্টালাইন সিলিকন ও পলিসিলিকনের উল্লেখযোগ্য উৎপাদক প্রতিষ্ঠান। এসব সিলিকন পণ্য সাধারণত সৌরবিদ্যুৎ উৎপাদনে বহুল ব্যবহূত হয়।

মার্কিন অভিযোগের বিপরীতে হোশিনে সিলিকন জানায়, যুক্তরাষ্ট্রের বাজারে তারা সরাসরি কোনো পণ্য রফতানি করে থাকে না। ফলে মার্কিন এ নিষেধাজ্ঞা তাদের ওপর তেমন কোনো প্রভাব ফেলবে না। জিনজিয়াং ডেকো নিউ এনার্জি জানায়, তারাও যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো ধরনের আমদানি-রফতানি কার্যক্রমের সঙ্গে জড়িত নয়। পাশাপাশি যেকোনো ধরনের জোরপূর্বক শ্রমের বিরুদ্ধে তাদের অবস্থান পরিষ্কার। তবে এক্সপিসিসি ও অভিযুক্ত অন্য কোম্পানিগুলো এ অভিযোগের বিপরীতে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখায়নি।

তবে চীন থেকে এসব পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু পরিবর্তন নীতিতে কোনো ধরনের প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তারা। মার্কিন প্রশাসন এখনো অভিযুক্ত কোম্পানিগুলো কর্মকাণ্ডের ওপর তদন্ত চালিয়ে যাচ্ছে। ফলে মার্কিন-চীন সম্পর্ক নিয়ে যে উন্নতির আশা তৈরি হয়েছিল, তা শঙ্কায় রূপ নিল।

(এসএএম/২৬ জুন ২০২১)