
বিনিয়োগবার্তা ডেস্ক: করোনা মহামারিতে বিপর্যস্ত অর্থনীতি চাঙ্গা করতে শিগগিরই পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার চিন্তা করছে ভারত সরকার। সেক্ষেত্রে বিদেশি পর্যটক টানতে কোনো ধরনের চার্জ ছাড়াই ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। খবর: হিন্দুস্তান টাইমস।
সোমবার (২৮ জুন) এমন ঘোষণা দেন তিনি।
ঘোষণায় নির্মলা সীতারামণ বলেন, আন্তর্জাতিক যাতায়াত ফের শুরু হওয়ার পর প্রথম যে পাঁচ লাখ বিদেশি পর্যটক ভারত ভ্রমণের আবেদন করবেন, তাদের কোনো ভিসা ফি দিতে হবে না। অর্থাৎ, প্রথম পাঁচ লাখ আবেদনকারী পর্যটকের জন্য ভারত ভ্রমণে ভিসা চার্জ পুরোপুরি ফ্রি।
জানা গেছে, এই নীতি জারি থাকবে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত। তবে, তার মধ্যেই যেদিন পাঁচ লাখ পর্যটকের কোটা পূরণ হয়ে যাবে, ফ্রি ভিসার অফারও সেদিনই শেষ হবে। একজন পর্যটক একবারই এই সুবিধা পাবেন।
উল্লেখ্য, ভারত ভ্রমণে গত কয়েক বছর ধরেই শীর্ষে বাংলাদেশিরা। ২০১৮ সালের শুরু থেকে পরবর্তী ১৫ মাসে ২৮ লাখ ৭৬ হাজার বাংলাদেশি ভারত ভ্রমণ করেছেন, যা অন্য যেকোনো দেশের তুলনায় অনেক বেশি। ভারত ভ্রমণের দিক থেকে বাংলাদেশের পরেই রয়েছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা।
ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য বলছে, দেশটিতে বিদেশি পর্যটক যাওয়ার পরিমাণ ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে ক্রমাগত বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে বৈদেশিক মুদ্রা আয়ও।
দেশটির ২৯টি রাজ্যের মধ্যে ২০১৮ সালে সবচেয়ে বেশি বিদেশি পর্যটক যান তামিলনাড়ুতে, এ সংখ্যা ৬০ লাখেরও বেশি। এরপরেই রয়েছে মহারাষ্ট্র ও উত্তর প্রদেশ। মহারাষ্ট্রে ২০১৮ সালে ৫০ লাখের বেশি পর্যটক যান, উত্তর প্রদেশে এ সংখ্যা ৩৭ লাখ।
(এসএএম/২৯ জুন ২০২১)