Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 17 Jun 2026 04:42
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: টানা বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাটে বাঁধ ভেঙে অন্তত ২৭টি গ্রাম প্লাবিত হয়েছে। হালুয়াঘাট পৌর শহরের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে ৩০টি পরিবার। অন্যদিকে নেত্রকোনার কলমাকান্দার গোলাম খালি নদীর পানি বেড়ে রানীগাঁও বাজারসংলগ্ন প্রায় ৪০-৫০ ফুট বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকেছে লোকালয়ে। এতে পাঁচটি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানিবন্দি এসব এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে বন্যাদুর্গতদের জন্য সীমিত পর্যায়ে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে।

বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত খবর—

ময়মনসিংহ: ময়মনসিংহের সীমান্তবর্তী দুই উপজেলা ধোবাউড়া ও হালুয়াঘাটে বাঁধ ভেঙে অন্তত ২৭টি গ্রাম প্লাবিত হয়েছে। ধোবাউড়ায় নেতাই নদের বাঁধ ভেঙে বন্যা দেখা দিয়েছে। অন্যদিকে হালুয়াঘাট পৌরশহরসহ কয়েকটি স্থানে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। পানিতে ডুবে আছে হালুয়াঘাটের হাসপাতালসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান। পৌর শহরের ৩০টি পরিবার আশ্রয় নিয়েছে একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের উঁচু ভবনে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের মধ্যে ত্রাণ দেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃষ্টি কম হওয়ায় ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের বলপুর, কালিকাবাড়ী, কাশিপুর, সোহাগিপাড়া, ঘোশাইপুর ও ঘোষগাঁও ইউনিয়নের রায়পুর, ভালুকাপাড়া এবং ধোবাউড়া-হালুয়াঘাট সড়কের মান্দালিয়াসহ কয়েকটি অঞ্চলে বন্যার পানি কিছুটা কমলেও অন্তত ১৮টি গ্রাম নতুন করে পানিতে ডুবে গেছে।

অন্যদিকে হালুয়াঘাট উপজেলার সদর ইউনিয়নের রঘুনাথপুর, কৈচাপুর, নড়াইল, গোপীনগর, বিলডোড়া, ধুরাইল, আমতৈল, গাজিরভিটার কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম জানান, ঘোড়াঘাট নদীর বাঁধ ভেঙে সদর ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। ইছামতী নদীর বাঁধ ভাঙার আশঙ্কা রয়েছে।

ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামান জানান, পানিবন্দি গ্রামবাসীর মাঝে খাদ্য ও ত্রাণ বিতরণ করছি। দু-একদিনের মধ্যে পানি না কমলে তাদের নিরাপদ স্থানে সরিয়ে আনতে উদ্যোগ নেয়া হয়েছে। বেড়িবাঁধ সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। পানির ঢলে কয়েকটি সেতু ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।

নেত্রকোনা: অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বেড়েছে নেত্রকোনার নদ-নদীর পানি। জেলার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের রানীগাঁও গ্রামের বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকছে লোকালয়ে। গত তিনদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার মগড়া, কংস, ধনু ও সোমেশ্বরী নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এদিকে কলমাকান্দার গোলাম খালি নদীর পানি বেড়ে রানীগাঁও বাজারসংলগ্ন প্রায় ৪০-৫০ ফুট বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকেছে লোকালয়ে। এতে পাঁচটি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বলেন, অতিবৃষ্টিতে জেলার দুই উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দায় পানি বেড়ে নিম্নাঞ্চলে ঢুকে পড়ছে। সেখানে আমাদের নজরদারি রয়েছে।

কুড়িগ্রাম: টানা বর্ষণ ও উজানের ঢলে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমারসহ কুড়িগ্রামের সব নদ-নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্লাবিত হয়ে পড়েছে নদ-নদীর তীরবর্তী নিচু এলাকাগুলো। তলিয়ে গেছে এসব এলাকার সবজি ক্ষেত। এদিকে পানি বাড়ার সঙ্গে সঙ্গে তিস্তা নদীর দুই পাড়জুড়ে শুরু হয়েছে ভাঙন। নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যার আশঙ্কা করছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম জানান, জেলার নদ-নদীর পানি এখনো বিপত্সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে পানি বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে।

(ডিএফই/এসএএম/০৩ জুলাই ২০২১)