Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 25 Sep 2026 17:41
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে পোশাক রফতানির উপর উৎসে কর প্রত্যাহার না করায় বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) হতাশা প্রকাশ করেছে।

রবিবার (৪ জুন) বাজেটোত্তর এক সংবাদ সম্মেলনে এ হতাশা প্রকাশ করেন সংগঠনটির সভাপতি মো: সিদ্দিকুর রহমান।

সিদ্দিকুর রহমান বলেন, পোশাকখাতের সংকটময় পরিস্থিতি বিবেচনা করে আগামী ২ বছরের জন্য সম্পূর্ণভাবে উৎসে কর প্রত্যাহারের দাবি ছিল। কিন্তু দুঃখের বিষয়, উৎসে কর প্রত্যাহার বা কমানো কোনটিই করা হয়নি। বরং বাজেট প্রস্তাবনা অনুযায়ী এ কর হার ০.৭০ শতাংশ থেকে ১ শতাংশ করা হচ্ছে। যা এই শিল্পের বিকাশে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক।

এদিকে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে তৈরি পোশাক শিল্প খাতের করপোরেট করের হার ৫ শতাংশ কমিয়ে ১৫ শতাংশ করায় অর্থমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিজিএমইএ সভাপতি। তবে এ কর হার আরও কমানো দরকার বলে মনে করেন তিনি।

বর্তমান পরিস্থিতিতে পোশাক খাতের সুরক্ষায় আগামি ২ বছরের জন্য রপ্তানির এফওবি মূল্যের উপর প্রচলিত সুবিধাগুলোর অতিরিক্ত ৫ শতাংশ হারে নগদ সহায়তা প্রদানের দাবি করেছেন বিজিএমইএ সভাপতি। যা শুধুমাত্র বিজিএমইএ ও বিকেএমইএ’র সদস্য প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে।

সিদ্দিকুর রহমান বলেন, বাজেট কেবলমাত্র প্রস্তাবাকারে পেশ করা হয়েছে। যাতে বাজেটের বিষয়ে আলাপ আলোচনার সুযোগ রয়েছে। এমতাবস্থায় অর্থনীতিকে সমৃদ্ধশালী করছে এমন রপ্তানি খাতকে চূড়ান্ত বাজেটে সহায়তা করা হবে বলে আশা প্রকাশ করেন।

(এমআইআর/ ০৪ জুন ২০১৭)