
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুতে ভারতের চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমেছে।
বুধবার (০৭ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শেষ সময়ে স্ত্রী সায়রা বানু পাশে ছিলেন তার।
এর আগে প্রায়ই অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয় বলিউডের বর্ষীয়ান অভিনেতাকে। কিন্তু সম্প্রতি আবারও অসুস্থ হয়ে পড়লে মুম্বাইয়ের পিডি হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছিল এই তারকাকে। দিলীপ কুমারের স্ত্রী ও অভিনেত্রী সায়রা বানু জানিয়েছিলেন, অভিনেতা বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টে ভুগছেন।
বয়সের কারণে বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যা ছিল দিলীপ কুমারের। মে মাসের শুরুতে তাকে দীর্ঘসময় হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হয়েছিল।
দিলীপ কুমারের জন্ম ১৯২২ সালের ১১ ডিসেম্বর। তার প্রকৃত নাম মোহাম্মদ ইউসুফ খান। রূপালি পর্দায় ক্যারিয়ার শুরুর সময় নাম পাল্টান তিনি।
ভারত সরকারের কাছ থেকে ‘পদ্মবিভূষণ’ খেতাব পেয়েছেন দিলীপ কুমার। ১৯৯১ সালে তাকে দেওয়া হয় ‘পদ্মভূষণ’। এর তিন বছর পর তিনি পান দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডও।
সূত্র: এনডিটিভি।
(ডিএফই/০৭ জুলাই, ২০২১)