Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 09:50
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: মহাকাশ ভ্রমণে আগ্রহীদের জন্য পুনরায় সুযোগ চালু করেছে স্পেসফ্লাইট সংস্থা ভার্জিন গ্যালাক্টিক। সর্বনিম্ন ৪ লাখ ৫০ হাজার ডলারে মহাকাশে ভ্রমনের টিকিট সংগ্রহ করা যাবে বলে জানায় মহাকাশ পর্যটন সংস্থাটি। খবর: অ্যাসোসিয়েটেড প্রেস।

 

সংস্থাটি জানায়, আগামী বছর থেকেই তারা মহাকাশ পর্যটন থেকে রাজস্ব আয়ের পথে অগ্রসর হওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রতিষ্ঠানটি একক সিট, প্যাকেজ ও সম্পূর্ণ ফ্লাইট বিক্রির মতো সুবিধা দেবে।

 

ভার্জিন গ্যালাক্টিক জানায়, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে তারা ওভারহেড ও বিক্রয় ব্যয় বৃদ্ধির কারণে ৯ কোটি ৮০ লাখ ডলার লোকসানের সম্মুখীন হয়েছে। এ সময়ে কোম্পানিটি ৫ লাখ ৭১ হাজার ডলার আয় করেছে।

 

ভার্জিন গ্যালাক্টিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল কলগ্লাজিয়ার জানান, মহাকাশ পর্যটনে অনেকের আগ্রহ বাড়ার পর কোম্পানি তাদের কার্যক্রম পুনরায় শুরুর সিদ্ধান্ত গ্রহণ করেছে। সম্প্রতি সংস্থাটির প্রতিষ্ঠাতা ব্রিটিশ ব্যবসায়ী রিচার্ড ব্র্যানসনের মহাকাশ ভ্রমণের পর অনেকের মাঝেই মহাকাশ পর্যটনবিষয়ক আগ্রহ বাড়তে শুরু করেছে। এর আগে মার্কিন ধনকুবের জেফ বেজোস তার ব্লু অরিজিন রকেটে মহাকাশ ভ্রমণ করেছেন।

 

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোভিত্তিক ভার্জিন গ্যালাক্টিক জুন থেকেই মহাকাশ পর্যটন শুরু করার জন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পায়।

 

সংস্থাটি জানায়, আগে এলে আগে পাবেন ভিত্তিতে তাদের সামনের ফ্লাইটগুলোর সিট বুকিং করা হবে। নতুন গ্রাহকদের জন্য আলাদা তালিকা তৈরির মাধ্যমে সিট বুকিং করা হবে।

 

চলতি বছরের সেপ্টম্বরে নিউ মেক্সিকো থেকে ভার্জিন গ্যালাক্টিক তার পরবর্তী ফ্লাইট পরিচালনা করবে। ইতালীয় বিমান বাহিনীর সঙ্গে যৌথভাবে তারা এ ফ্লাইট পরিচালনা করবে বলে জানা যায়।

 

(এসএএম/০৭ আগস্ট ২০২১)