Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Jul 2026 18:01
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন’২১) প্রায় ৪ হাজার ৭০০ কোটি ডলার মুনাফা করেছে তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান সৌদি আরামকো। এ আয়ের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ। খবর: এপি।

প্রতিষ্ঠানটি জানায়, চলতি বছরের প্রথমার্ধের (জানুয়ারি-জুন’২১) এ আয় আরামকোকে মহামারী-পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নিয়েছে। ২০২০ সালের একই সময়ে প্রতিষ্ঠানটির আয় ২ হাজার ৩৩০ কোটি ডলারে নেমেছিল।

আর্থিক প্রতিবেদনে আরামকো জানায়, অপরিশোধিত তেলের উচ্চমূল্যের কারণে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) তাদের আয় এতটা বেড়েছে। শুক্রবার ব্রেন্ট ক্রুড অয়েলের বাজার আদর্শ অনুযায়ী প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছিল ৭০ ডলারের বেশি। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে এর দাম ৪৫ ডলারের কিছু বেশি ছিল।

সৌদির রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানিটি জানায়, দ্বিতীয় প্রান্তিকে তাদের নিট আয়ের পরিমাণ ছিল ২ হাজার ৫৪৬ কোটি ডলার। গত বছরের একই সময়ে আরামকোর নিট আয়ের পরিমাণ ছিল মাত্র ৬৬০ কোটি ডলার। নভেল করোনাভাইরাস-পূর্ববর্তী সময়ে ২০১৯ সালের দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির নিট আয়ের পরিমাণ ছিল ২ হাজার ৪৭০ কোটি ডলার।

আরামকো জানায়, দ্বিতীয় প্রান্তিকে তাদের নিট আয়ের পরিমাণ চলতি বছরের প্রথম প্রান্তিকের চেয়ে বেড়েছে। প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির নিট আয়ের পরিমাণ ছিল ২ হাজার ১৭০ কোটি ডলার।

করোনাভাইরাস মহামারী চলাকালীন সময় বিশ্বব্যাপী জ্বালানি তেলের চাহিদা হ্রাস পাওয়ার কারণে দাম স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সৌদি আরব। এ পদক্ষেপে বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর নেতৃত্ব দিয়েছে দেশটি। মহামারীকালীন তেল উৎপাদনের চুক্তি অনুযায়ী ২০২০ সালের মে মাস থেকে সৌদি আরব দৈনিক ৮০-৯০ লাখ ব্যারেল উৎপাদন করে থাকে।

(এসএএম/১০ আগস্ট ২০২১)