Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 18 Jun 2026 18:14
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: গাজীপুরের স্টাইল ক্রাফট লিমিটেড এবং ইয়ং ওয়ান বিডি লি. গার্মেন্টসের দীর্ঘদিনের শ্রম অসন্তোষ এবং অচলাবস্থার অবসান হচ্ছে। আগামী ২৫ আগস্ট কারখানা চালু হবে। এদিন কোম্পানি দুটির শ্রমিক-কর্মচারীদের বেতনও দেয়া হবে।

বুধবার (১১ আগস্ট) রাতে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে মালিক -শ্রমিক এবং সরকার ত্রিপক্ষীয় জরুরি সভায় দীর্ঘ আলোচনা শেষে এ সিদ্ধান্ত ঘোষণা দেয়া হয়।

সভায় শ্রমিক এবং বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিরা এ কারখানার শ্রম অসন্তোষকে গাজীপুরের দুঃখ উল্লেখ হিসেবে উল্লেখ করেন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রম প্রতিমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টা এবং মালিক-শ্রমিক প্রতিনিধিদের আন্তরিকতায় গাজীপুরের ঐতিহ্যবাহী এ পোশাক কারখানার দীর্ঘদিনের অচলাবস্থার অবসান হলো। আলোচনার মাধ্যমে একটি সফল সিদ্ধান্তে শ্রমিক-মালিক উভয় পক্ষই সন্তোষ প্রকাশ করেন।

এতে বলা হয়, এর মাধ্যমে গার্মেন্টস শিল্পের ঐতিহ্যবাহী কারখানা প্রাণ ফিরে পাবে। দ্রুতই একই মালিকানাধীন পাবলিক লিমিটেড কারখানা দুটি পোশাক রপ্তানিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে আলোচনায় অংশ নেয়া সকলেই আশা প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ আগস্ট কারখানা খুলে দেয়া হবে। এদিন শ্রমিক এবং কর্মচারীদের জুন মাসের বেতন দেয়া হবে। একই সাথে কর্মচারীদের ২০২০ সালের ডিসেম্বর মাসের বকেয়া বেতন এবং শ্রমিক ও কর্মচারীদের গত ঈদ উল আযহার বোনাস দেয়া হবে।

এতে আরও জানানো হয়, আগামী ৫ সেপ্টেম্বর কর্মচারীদের ২০২০ সালের নভেম্বর মাসের বেতন এবং ২৫ সেপ্টেম্বর শ্রমিক ও কর্মচারীদের জুলাই মাসের বেতন দেয়া হবে। ২০ অক্টোবর দেয়া হবে শ্রমিক ও কর্মচারীদের আগষ্ট মাসের বেতন এবং কর্মচারীদের মার্চ মাসের বকেয়া বেতন। সিদ্ধান্ত অনুযায়ী এভাবে প্রতি মাসে ৫ দিন করে এগিয়ে শ্রমিক ও কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত করবেন কারখানা কর্তৃপক্ষ।

ত্রিপক্ষীয় আলোচনায় শ্রম মন্ত্রণালয়ের সচিব (অতিরিক্ত দায়িত্ব) সাকিউন নাহার বেগম, অতিরিক্ত সচিব জেবুন্নেছা করিম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো নাসির উদ্দীন আহমেদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক গৌতম কুমার, যুগ্মসচিব(শ্রম) মোহাম্মদ নান্নু মোল্লা, গাজীপুর সিটি করপোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, বিজিএমইএ এর সভাপতি ফারুক হাসান, সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান কচি, সহসভাপতি হারুন অর রশীদ, স্টাইল ক্রাফট লিমিটেড এর পরিচালক শরীফ রহমান, গাজীপুর মহানগর জাতীয় শ্রমিকলীগ নেতা সৈয়দ আব্দুল জলিল, গাজীপুর মহানগর এবং শিল্প পুলিশসহ বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধি, বিভিন্ন শ্রমিক সংগঠন নেতারা এবং স্টাইল ক্রাফট লিমিটেড শ্রমিক প্রতিনিধিরা অংশ নেন।

(এসএএম/১২ আগস্ট ২০২১)