Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 18 Jul 2026 05:07
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বাংলাদেশের ব্যাংকগুলোতে নতুন নিয়োগ আশঙ্কাজনকভাবে কমেছে বলে উল্লেখ করেছে বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)।

প্রতিষ্ঠানটির দেয়া তথ্যানুযায়ি, ২০১৯ সালে যেখানে নতুন নিয়োগের প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৫৩ শতাংশ সেখানে ২০২০ সালে ১ দশমিক ৩৩ শতাংশ।

মঙ্গলবার (১৭ আগস্ট, ২০২১) রাজধানীর মিরপুরে বিআইবিএম এর অডিটোরিয়ামে ‘এমপ্লয়ী সিলেকশন ইন ব্যাংকস অব বাংলাদেশ: এ মিক্সড মেথড এ্যানালাইসিস’ শীর্ষক এক অনলাইন সেমিনারে এ তথ্য জানানো হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এবং বিআইবিএম নির্বাহী কমিটির চেয়ারম্যান আহমেদ জামাল।

স্বাগত বক্তব্য রাখেন বিআইবিএম – এর সহযোগী অধ্যাপক এবং পরিচালক (গবেষণা, উন্নয়ন এবং কন্সালটেন্সী) ড. আশরাফ আল মামুন।

সভাপতিত্ব করেন বিআইবিএম-এর মহাপরিচালক ড. মোঃ আখতারুজ্জামান।

সেমিনারে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বিআইবিএম-এর সহযোগী অধ্যাপক ড. মোঃ তাজুল ইসলাম।

পাঁচ সদস্যের গবেষণা দলে অন্যান্যের মধ্যে রয়েছেন- বিআইবিএম-এর সহযোগী অধ্যাপক এবং পরিচালক (গবেষণা, উন্নয়ন এবং কন্সালটেন্সী) ড. আশরাফ আল মামুন; প্রভাষক আনিলা আলী; বাংলাদেশ ব্যাংক-এর উপ-মহাব্যবস্থাপক শাকিল এজাজ এবং ডাচ -বাংলা ব্যাংক লিমিটেড।

গবেষণা প্রতিবেদন অনুযায়ী, করোনা মহামারী চলাকালীন এমপ্লয়ী সিলেকশন প্রক্রিয়ায় ব্যাপকভাবে বাধাগ্রস্থ হয়। এ কারণে বাংলাদেশের ব্যাংকগুলোতে নতুন নিয়োগ আশঙ্কাজনকভাবে কমেছে। ২০১৯ সালে যেখানে নতুন নিয়োগের প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৫৩ শতাংশ সেখানে ২০২০ সালে ১ দশমিক ৩৩ শতাংশ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বিআইবিএমের ড. মোজাফফর আহমদ চেয়ার প্রফেসর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. বরকত-এ-খোদা; বিআইবিএমের সুপারনিউমারারি অধ্যাপক এবতাদুল ইসলাম; রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়েদ উল্লাহ আল মাসুদ; মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান প্রমুখ।

সেমিনারের উদ্বোধন করে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এবং বিআইবিএম নির্বাহী কমিটির চেয়ারম্যান আহমেদ জামাল বলেন, কর্মী নিয়োগে সিলেকশন প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। সঠিকভাবে সিলেকশন প্রক্রিয়া সম্পন্ন করা না হলে সঠিক প্রার্থীকে বাছাই করা সম্ভব হয় না। এ প্রক্রিয়ার মাধ্যমে ব্যাংকগুলো একজন চাকরী প্রার্থী প্রতিষ্ঠানের জন্য যোগ্য না অযোগ্য তা নির্ধারণ করে।

সমাপনী বক্তব্যে বিআইবিএম-এর মহাপরিচালক ড. মোঃ আখতারুজ্জামান বলেন, যেসকল সুপারিশ এবং মন্তব্য আসছে তা গবেষণা প্রতিবেদনে অর্ন্তভুক্ত করা হবে। এতে বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য প্রতিষ্ঠান বা সংস্থাগুলোর সিদ্ধান্ত নিতে সহজ হবে।

(ডিএফই/এসএএম/১৭ আগস্ট, ২০২১)