Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Sep 2026 11:21
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: এতদিন পর্যন্ত শুধু চেয়ে চেয়ে দেখেছে আর পরিকল্পনা করেছে রিয়াল মাদ্রিদ। এবার তারা প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে কিলিয়ান এমবাপেকে এই গ্রীষ্মেই নিয়ে আসতে টাকার বস্তা কাঁধে তুলে নিল।

হ্যাঁ, স্প্যানিশ গণমাধ্যম ‘মার্কা’ নিশ্চিত করেছে, বিশ্বকাপজয়ী ফরাসি তারকাকে দলে আনতে পিএসজির টেবিলে ১৬০ মিলিয়ন ইউরোর (প্রায় ১৬০০ কোটি টাকা) প্রস্তাব রেখেছেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ।

দলবদলের বাকি আছে আর মাত্র এক সপ্তাহ (৩১ আগস্ট পর্যন্ত)। তবু রিয়াল মাদ্রিদ ভীষণ আশাবাদী, এই মৌসুমেই তারা এমবাপেকে দলে নিয়ে আসতে পারবে।

তাদের সেই আশা আরও বেড়েছে এমবাপের সিদ্ধান্তে। প্যারিসে নতুন চুক্তিতে সই করেননি ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড। যার অর্থ, পিএসজিতে তার থাকার ইচ্ছে সম্ভবত নেই।

এদিকে ফরাসি গণমাধ্যম ‘লা পারিসিয়ান’ জানাচ্ছে, রিয়াল মাদ্রিদের সঙ্গে এমবাপের আলোচনা অনেকদূর এগিয়েছে। তবে এমবাপে চাইলেই তো হবে না! যেহেতু ফ্রি এজেন্ট নন, দলবদলে পিএসজিরও সম্মতি লাগবে।

কিন্তু পিএসজি নাকি এমবাপেকে ছাড়তে রাজি নয়। ১৬০০ কোটি টাকার প্রস্তাব পেয়েও তারা মুখে কুলুপ এঁটে বসে আছে। এদিকে স্প্যানিশ ক্রীড়াদৈনিক স্পোর্ত জানিয়েছে, চুক্তির অঙ্কটা ২০০০ কোটি টাকায় বাড়িয়ে নিতেও আপত্তি নেই রিয়ালের। সেক্ষেত্রে দর কষাকষি মিলে গেলে এমবাপেকে ছেড়ে দেয়ার জোর সম্ভাবনা আছে পিএসজির।

(ডিএফই/২৫ আগস্ট, ২০২১)