
বিনিয়োগবার্তা ডেস্ক: চলতি বছরের প্রথম ছয় মাসে ৩ হাজার ৯১৫ কোটি ইউয়ান বা ৬০৫ কোটি ডলার নিট মুনাফা করেছে চীনা জ্বালানি জায়ান্ট চায়না পেট্রোলিয়াম অ্যান্ড কেমিক্যাল করপোরেশন (সিনোপ্যাক)।
সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। খবর: রয়টার্স।
খবরে বলা হয়, কোভিড-১৯ থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়ায় প্রথমার্ধে জ্বালানি চাহিদা বেড়েছে। গত বছর কয়েক দফা কমার পর চলতি বছর ঘুরে দাঁড়িয়েছে জ্বালানির দাম। ২০২০ সালের প্রথম ছয় মাসে ২ হাজার ৩০০ কোটি ইউয়ান লোকসান গুনেছিল সিনোপ্যাক।
এদিকে বিশ্বব্যাপী তেলের দাম বৃদ্ধি এবং অন্যান্য জ্বালানি পেট্রোক্যামিকেলের শক্তিশালী চাহিদার ওপর দাঁড়িয়ে চলতি বছরের প্রথম ছয় মাসে সিনোপ্যাকের মোট আয় ২২ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ২৬ ট্রিলিয়ন ইউয়ান। এ সময়ের মধ্যে ১২ কোটি ৬১ লাখ টন অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করেছে এশিয়ার বৃহত্তম শোধনাগারটি, যা গত বছরের চেয়ে ১৩ দশমিক ৭ শতাংশ বেশি। সিনোপ্যাকের ইথাইলিন উৎপাদন ১১ দশমিক ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ৬০ হাজার টনে।
(এসএএম/৩১ আগস্ট ২০২১)