
বিনিয়োগবার্তা ডেস্ক: দক্ষিণ ভারতে ৭০টি নতুন বিক্রয় কেন্দ্র চালু করেছে ভারতভিত্তিক গাড়ি নির্মাতা জায়ান্ট টাটা মোটরস। ভারতের যাত্রীবাহী পরিবহন সেবার ২৮ শতাংশের প্রতিনিধিত্বকারী এ অঞ্চলে বিশেষ মনোযোগের অংশ হিসেবে সম্প্রতি এ পদক্ষেপ কোম্পানিটির। খবর: দ্য হিন্দু।
টাটা মোটরসের বিক্রয়, বিপণন, গ্রাহকসেবা ও যাত্রীবাহী গাড়ি বিভাগের ভাইস প্রেসিডেন্ট ভিপি রাজন আম্বা বলেন, দক্ষিণ ভারতের বাজার আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এ অঞ্চলে আমাদের সর্বোচ্চ মার্কেট শেয়ার রয়েছে। কেরালায় এর পরিমাণ ১২ দশমিক ১ শতাংশ এবং অন্যান্য প্রদেশে প্রায় ১৭ শতাংশ।
তিনি বলেন, এই আউটলেটগুলো ৫৩টি শহরে বিস্তৃত এবং কৌশলগতভাবে দক্ষিণ অঞ্চলের প্রধান উদীয়মান বাজারগুলোকে কেন্দ্র করেই ম্যাপ করা হয়েছিল। এই শোরুমগুলো যাত্রীবাহী যানের পাশাপাশি বৈদ্যুতিক গাড়ির (ইভি) পোর্টফোলিও বাড়াতে ভূমিকা রাখবে। নতুন আউটলেটসহ কর্ণাটক, তামিলনাড়ু, পণ্ডিচেরি, তেলেঙ্গানা, অন্ধ্র প্রদেশ ও কেরালাসহ দক্ষিণ ভারতে শোরুমের সংখ্যা দাঁড়িয়েছে ২৭২। সেই সঙ্গে পুরো ভারতে প্রতিষ্ঠানটির আউটলেটের সংখ্যা ৯৮০-এ দাঁড়িয়েছে।
(এসএএম/০৭ সেপ্টেম্বর ২০২১)