Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 09 Sep 2021 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক:  ইরাকের তেল, গ্যাস ও সৌরশক্তি উৎপাদনে বিনিয়োগের জন্য ২ হাজার ৭০০ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর করেছে ফরাসি জ্বালানি জায়ান্ট টোটাল এনার্জিস।

বুধবার বাগদাদে ইরাকের জ্বালানি তেলমন্ত্রী মন্ত্রী এহসান আব্দুল জাব্বার ও টোটালএনার্জিসের প্রধান প্যাট্রিক পোয়ান এ চুক্তিতে স্বাক্ষর করেন। খবর: রয়টার্স।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের জীবাশ্ম জ্বালানিনির্ভরতা কমিয়ে আনতে এ চুক্তির ঘোষণাটি এসেছে। প্রাথমিকভাবে ১ হাজার কোটি ডলার বিনিয়োগের মাধ্যমে কার্যক্রম শুরু হবে।

ইরাকের তেলমন্ত্রী বলেন, এটি পশ্চিমা কোনো সংস্থার ইরাকে সবচেয়ে বড় বিনিয়োগ। এ প্রকল্পগুলো বাস্তবায়ন করা এখন আমাদের জন্য প্রধান চ্যালেঞ্জ।

ইরাকে জ্বালানি তেল ও গ্যাসের বিপুল মজুদ রয়েছে। তবে পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংগঠনের (ওপেক) দ্বিতীয় উৎপাদক হওয়া সত্ত্বেও তীব্র জ্বালানি সংকট ও দীর্ঘস্থায়ী ব্ল্যাকআউটের সম্মুখীন হচ্ছে দেশটি। আর এটি সামাজিক অসন্তোষ বাড়িয়ে তুলছে। কারণ হিসেবে দেশটির কর্মকর্তারা বিনিয়োগের অভাব ও জ্বালানি নেটওয়ার্কের জরাজীর্ণ অবস্থাকে দায়ী করেছেন।

জ্বালানির ক্ষেত্রে দেশটি প্রতিবেশী ইরানের ওপর অত্যন্ত নির্ভরশীল। দেশটি ইরাকের গ্যাস ও বিদ্যুৎ চাহিদার এক-তৃতীয়াংশ সরবরাহ করে।

আবদুল জাব্বার বলেন, অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদন পুনরুদ্ধারে প্রথম পর্যায়ে ফরাসি সংস্থাটি ৩০০ কোটি ডলার বিনিয়োগ করবে। পশ্চিম কুরনা ২, মাজনুন, আরতাউই, তুবা ও লুহাইসের দক্ষিণাঞ্চলে উৎপাদিত গ্যাসের জন্য একটি প্রক্রিয়াকরণ কেন্দ্র নির্মাণের জন্য সংস্থাটি আরো ২০০ কোটি ডলার সরবরাহ করবে। কেন্দ্রটি প্রতিদিন ৩০ কোটি ঘনফুট গ্যাস উৎপাদন করবে এবং দ্বিতীয় ধাপের উন্নয়নের পর এ উৎপাদন দ্বিগুণ হবে।

মন্ত্রী বলেন, টোটালের প্রকল্প থেকে উৎপাদিত গ্যাস ইরাককে ইরান থেকে গ্যাস আমদানি কমিয়ে আনতে সহায়তা করবে। এছাড়া দেশীয়ভাবে উৎপাদিত গ্যাস ইরানের গ্যাসের তুলনায় সস্তাও হবে। ইরান থেকে আমদানি করা গ্যাসের দাম প্রতি ১০ লাখ বিটিইউতে প্রায় ৮ ডলার। অন্যদিকে টোটাল প্রকল্প থেকে উত্তোলিত গ্যাসের দাম হবে প্রতি ১০ লাখ বিটিইউতে ১ ডলার ৫০ সেন্ট।

টোটালএনার্জির অন্য দুইটি প্রকল্প হলো একটি সৌর বিদ্যুৎকেন্দ্র এবং একটি আরতাউই তেলক্ষেত্র থেকে অপরিশোধিত উৎপাদন বাড়ানো। তেল মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আরতাউই তেলক্ষেত্র থেকে তেল উৎপাদন প্রতিদিন ৮৫ হাজার ব্যারেল থেকে ২ লাখ ১০ হাজার ব্যারেলে উন্নীত করা হবে।

(এসএএম/০৯ সেপ্টেম্বর ২০২১)