
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বস্তিবাসীদের পুনর্বাসনে রাজধানীতে দশ হাজার আবাসিক ফ্ল্যাট নির্মাণ করবে সরকার। আবাসন বিষয়ক সরকারি সংস্থা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ (এনএইচএ) মিরপুরের ১১ নং সেকশনে পর্যায়ক্রমে এই ভাড়াভিত্তিক আবাসিক ফ্ল্যাট নির্মাণ সম্পন্ন করবে।
গৃহায়ন ও গণপূর্ত সচিব শহীদুল্লাহ খন্দকার বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর তেজগাঁওস্থ কার্যালয়ে এই প্রেজেন্টেশন উপস্থাপন করেন। পাশাপাশি প্রধানমন্ত্রীকে প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন তিনি।
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের পরে প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রত্যক্ষ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহন করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
প্রেস সচিব বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম গৃহহীন এবং নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে রাজধানীর মিরপুরের ভাসানটেকে এ ধরনের আবাসিক প্রকল্প গ্রহণ করেন।
তিনি বলেন, পাশাপাশি বর্তমান সরকার ন্যাশনাল হাউজিং পলিসি-২০১৬ বাস্তবায়ন করছে। যার মাধ্যমে নিম্ন ও মধ্যম আয়ের জনগণের জন্য আবাসিক ফ্লাট নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে।
বঙ্গবন্ধুর চিন্তাধারা এবং ন্যাশনাল হাউজিং পলিসি-২০১৬’র আলোকেই বস্তিবাসীর জন্য এই আবাসন প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, বলেন প্রেস সচিব।
প্রেস সচিব বলেন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নের জন্য প্রস্তাবিত ‘তালাইমারী চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্কয়ার নির্মাণ’ শীর্ষক প্রকল্পের খসড়া নকশার ওপর এদিন প্রধানমন্ত্রী অপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও প্রত্যক্ষ করেন।
স্থপতি রফিক আজম এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, ৬১ কাঠা জমির ওপর এই বঙ্গবন্ধু স্কয়ার নির্মাণ করা হবে। যেখানে স্থায়ী ও অস্থায়ী গ্যালারি, ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল ইব্রেরি,গবেষণাগার, মাল্টিপারপাস হল এবং এম্পিথিয়েটার থাকবে। জাতির পিতার জীবন ও কর্ম এই প্রকল্পের মধ্যদিয়ে প্রতিভাত হবে।
এ সময় অন্যান্যের মধ্যে-গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস
(এসএএম/ ০৯ জুন ২০১৭)