Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 21 Sep 2021 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: রাশিয়ার নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছে ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়া পার্টি। এতে ক্ষমতার মসনদে আরো এক মেয়াদ নিশ্চিন্ত দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত রবিবার ভোটগ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দলটি নিজেদের বিজয়ী বলে দাবি করে। যদিও নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ করেছে বিরোধীরা। তবে অনিয়মের অভিযোগ নাকচ করে দিয়েছে দেশটির নির্বাচন কমিশন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোয় প্রকাশিত তথ্য অনুযায়ী, সমর্থন কমে গেলেও রাশিয়ায় নিজেদের বিজয় সুনিশ্চিত করেছে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টি। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের হিসাবে গতকাল প্রায় ৯৯ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। প্রাপ্ত ফলাফল নিরীক্ষার পর জানা গেছে, ইউনাইটেড রাশিয়া প্রায় ৪৯ দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছে।

দেশটির নির্বাচন কমিশনের প্রধান এলা পামফিলোভা নিশ্চিত করেছেন, পরবর্তী সংসদেও ইউনাইটেড রাশিয়াই নেতৃত্ব দিতে যাচ্ছে। নির্বাচনে পুতিনের দলের নিকটতম প্রতিদ্বন্দ্বী দল হিসেবে কমিউনিস্ট পার্টি পেয়েছে ১৯ শতাংশ ভোট, যা আগের নির্বাচনে ছিল ১৩ শতাংশ।

এ নির্বাচনে ইউনাইটেড রাশিয়া পার্টির জয়ের ফলে ২০২৬ সাল পর্যন্ত ক্ষমতা নিশ্চিত হলো দীর্ঘদিন ধরে রাশিয়ায় ‘অপ্রতিদ্বন্দ্বী’ হয়ে ওঠা ভ্লাদিমির পুতিনের চেয়ার। এর আগে ২০১৬ সালে দলটির প্রাপ্ত ভোট ছিল ৫৪ শতাংশ।

তবে নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ করেছে পুতিনবিরোধী রাজনৈতিক দলগুলো। কমিউনিস্ট পার্টির নেতা গেন্নাদি জিউগানোভও এরই মধ্যে নির্বাচনী আচরণের ব্যাপক লঙ্ঘন, ব্যালট পেপার ছেঁড়াসহ নানা অভিযোগ তুলেছেন।

শুরু থেকেই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে পশ্চিমা সংবাদমাধ্যম। তাদের অভিযোগ, পুতিনের কড়া সমালোচকদের কাউকেই এ নির্বাচনে অংশ নিতে দেয়া হয়নি। যারাই প্রতিদ্বন্দ্বী হয়েছে, তাদের কঠোরভাবে যাচাই-বাছাই করা হয়েছে। নানা শর্তের জালে তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। জোরপূর্বক ভোট নেয়ার অসংখ্য অভিযোগ পাওয়া গেলেও নির্বিকার ছিল নির্বাচন কমিশন। অভিযোগ ছিল আগে থেকেই ব্যালট বাক্স ভর্তি করে রাখারও। অনেক জায়গায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট নেয়া হলেও জনসাধারণের ইন্টারনেট ব্যবহারের সুযোগ বন্ধ রাখা হয়।

রাশিয়ায় টানা তিনদিনের ভোটগ্রহণ শুরু হয় গত শুক্রবার। এ নির্বাচনে অনেক শহরে ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা চালু করা হয়। তবে রুশ কর্তৃপক্ষের জারি করা কঠোর নিয়মকানুনের কারণে ১৯৯৩ সালের পর প্রথমবারের মতো অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইন ইউরোপের (ওএসসিই) কোনো নির্বাচন পর্যবেক্ষক উপস্থিত ছিলেন না।

বিনিয়োগবার্তা/ডিএফই