
বিনিয়োগবার্তা ডেস্কঃ ব্যবসার পরিবেশ উন্নয়ন ও বিদেশী বিনিয়োগ (এফডিআই) বাড়াতে নতুন বিনিয়োগ আইন প্রস্তুত করছে আলজেরিয়া। খবর: রয়টার্স।
মূলত জ্বালানিবহির্ভূত খাতকে গতিশীল করতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আয়মান বেনাবদেরাহমানি।
সম্প্রতি প্রধানমন্ত্রী এক ঘোষণায় জ্বালানি তেলকেন্দ্রিক দেশটির অর্থনীতিতে নতুন বরাদ্দের জন্য দেশের ছোট ছোট স্টক এক্সচেঞ্জ উন্নয়নের কথা জানিয়েছেন। পাশাপাশি তিনি দেশের ব্যাংকিং ও আর্থিক ব্যবস্থার সংস্কারে সরকারি উদ্যোগ গ্রহণের কথাও ঘোষণা করেন।
ওপেকের অন্যতম সদস্য দেশ আলজেরিয়া মূলত জ্বালানি তেল ও গ্যাস রফতানি করে আয় করে থাকে। জ্বালানি খাতে আয়ের পরিমাণ কমে আসায় অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়েছে দেশটি। করোনা মহামারীতে এ খাতে আরো চাপের মুখে পড়ে দেশটি। এ সময় জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক বাজার মূল্যেও চাপের সৃষ্টি হয়। উত্তর আফ্রিকার দেশটি জ্বালানিনির্ভর অর্থনৈতিক ব্যবস্থা থেকে বের হয়ে আসার চেষ্টা করলেও সফলতা অর্জন করতে পারেনি। সফল না হওয়ার পেছনে আমলাতন্ত্রের জটিলতাসহ, দেশী-বিদেশী বিনিয়োগকারীদের বিভিন্ন অভিযোগ রয়েছে।
সরকারি কর্মপরিকল্পনা বিতর্কের পর প্রধানমন্ত্রী আয়মান বেনাবদেরাহমানি সংসদে বলেন, ব্যবসায়ীদের বিভিন্ন উদ্বেগ এবং প্রকল্প বাস্তবায়নে যে বাধা রয়েছে সেগুলো সমাধানে সরকার নতুন বিনিয়োগ আইন নিয়ে জোরালোভাবে কাজ করছে। বিদেশীরা যেন আমাদের দেশে বিনিয়োগে আকৃষ্ট হয় সেজন্য আমরা আকর্ষণীয় বিনিয়োগ পরিবেশ তৈরি করতে চাই।
তিনি বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে নীতিনির্ধারকদের আলোচনা ও পর্যালোচনার জন্য নতুন আইন প্রণয়ন সম্পন্ন হয়ে যাবে। তবে এর বাইরে বিস্তারিত কিছু জানাননি তিনি।
আলজেরিয়ার অর্থনীতিকে জ্বালানি তেলনির্ভরতা থেকে মুক্ত করার চেষ্টা চালিয়েছিল দেশটির নীতিনির্ধারকরা। এ সময় নন-স্ট্র্যাটেজিক খাতে বিনিয়োগের পরিমাণ বাড়াতে নীতিনির্ধারকরা বিনিয়োগকারীদের মূলধন নিয়ে যাওয়ার সুযোগও দিয়েছিলেন। জ্বালানি খাত ও ওষুধ শিল্প মূলত স্ট্র্যাটেজিক সেক্টরের অন্তর্গত।
জ্বালানিবহির্ভূত খাতে বিনিয়োগের পরিমাণ বাড়াতে অন্যান্য পদক্ষেপের সঙ্গে নতুন এ বিনিয়োগ আইন কাজ করবে বলে জানিয়েছেন আয়মান।
পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে- আলজিয়ার্স স্টক এক্সচেঞ্জের উন্নয়ন, ব্যাংক ব্যবস্থাপনা ঢেলে সাজানো, সরকারি ও বেসরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সম্পাদনে উৎসাহ দেয়া ইত্যাদি। ব্যাংকিং ও আর্থিক খাত সংস্কারের মাধ্যমে একটি স্বচ্ছ ও দক্ষ অর্থনৈতিক ব্যবস্থা তৈরি হবে। এছাড়া রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংকের মাধ্যমে সরকার শেয়ার বিক্রি করবে বলেও জানান তিনি।
বিনিয়োগবার্তা/এসএএম/