
বিনিয়োগবার্তা ডেস্কঃ পূর্ব এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে বিশ্বব্যাংক। চলতি বছর এ অঞ্চলের দেশগুলোর প্রবৃদ্ধি ১ দশমিক ৯ শতাংশ কমিয়েছে সংস্থাটি। খবর: এপি।
কোভিডের অতি সংক্রামক ডেল্টার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় বৈশ্বিক ঋণদাতা প্রতিষ্ঠানটি এ পূর্বাভাস কমিয়েছে বলেও খবরে জানানো হয়েছে।
দরিদ্র ও ক্ষুদ্র ব্যবসায়ীদের দীর্ঘমেয়াদি ক্ষতি এড়াতে সহায়তা করার জন্য সরকারগুলোর প্রতি আহ্বানও জানিয়েছে সংস্থাটি।
এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের অপ্রত্যাশিত শক্তিশালী প্রবৃদ্ধি বাদ দিয়ে পূর্ব এশিয়ার উন্নয়নশীল অর্থনীতিগুলো এ বছর ২ দশমিক ৫ শতাংশ বাড়বে। যেখানে গত এপ্রিলে বিশ্বব্যাংক ৪ দশমিক ৪ শতাংশ বাড়বে বলে পূর্বাভাস দিয়েছিল।
ওয়াশিংটনভিত্তিক ঋণদাতা প্রতিষ্ঠানটি এক প্রতিবেদনে জানিয়েছে, এ অঞ্চলের বৃহত্তম অর্থনীতি চীনের প্রবৃদ্ধি ৮ দশমিক ৫ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন ও অন্যান্য অর্থনীতিতে ব্যবসায়িক কার্যক্রম উন্নত হচ্ছে। তবে দেশগুলোর অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি প্রত্যাশার তুলনায় ধীর হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ অঞ্চলটি কোভিডের ডেল্টা ধরনের প্রাদুর্ভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেখানে অনেক উন্নত অর্থনীতি মহামারীর বিপর্যয় কাটিয়ে দৃঢ়ভাবে ঘুরে দাঁড়াচ্ছে। মহামারীটি এ দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি কমানোর সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে অসমতা বাড়িয়ে দিচ্ছে।
বিনিয়োগবার্তা/এসএএম