
বৈশ্বিক চিপ সংকটের কারণে এনভিডিয়া, এএমডির মতো প্রযুক্তি প্রতিষ্ঠান থেকে শুরু করে গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান জেনারেল মোটরসও ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত যেসব প্রতিষ্ঠান কম্পিউটার যন্ত্রাংশের ওপর নির্ভরশীল তারা সবাই আক্রান্ত। বর্তমানে এ সংকট স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ওপর বিরূপ প্রভাব ফেলছে।
প্রযুক্তি বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ক্যানালিসের এক গবেষণা প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। ক্যানালিসের তথ্যানুযায়ী, গত বছরের তুলনায় ২০২১ সালের তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বিক্রির হার ৬ শতাংশ কমে গেছে। মূলত উপকরণ সংকটের কারণে বিক্রির হারে এ অবনমন ঘটেছে এবং প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের চাহিদা অনুযায়ী ডিভাইস সরবরাহ করতে পারেনি।
প্রাথমিক প্রাক্কলনে বলা হয়, ২০২১ সালের তৃতীয় প্রান্তিকে সর্বোচ্চসংখ্যক স্মার্টফোন বিক্রি করেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং, যা মোট বাজারের ২৩ শতাংশ। খুশির সংবাদ হলো গত বছরের তুলনায় চলতি বছর প্রতিষ্ঠানটির স্মার্টফোন বিক্রিতে তেমন পরিবর্তন আসেনি। এ তালিকায় পুনরায় দ্বিতীয় স্থান দখলে নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান অ্যাপল। গত বছরের তুলনায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির বিক্রি ৩ শতাংশ বেড়েছে।
তৃতীয় থেকে পঞ্চম স্থানে রয়েছে চীনের শাওমি, ভিভো ও অপো। সম্মিলিতভাবে এ প্রতিষ্ঠানগুলো বাজারের ৩৪ শতাংশ দখলে রেখেছে। এ জরিপে ক্যানালিস ওয়ানপ্লাসের স্মার্টফোন বিক্রিকে অপোর অধীনে দেখালেও অপোকে সহপ্রতিষ্ঠান ভিভোর সঙ্গে যুক্ত করেনি। চীনের কনগ্লোমারেট প্রতিষ্ঠান বিবিকে ইলেকট্রনিকস এ তিনটি প্রযুক্তি প্রতিষ্ঠান পরিচালনা করে থাকে।
সার্বিক দিক থেকে স্মার্টফোন বিক্রিতে এগিয়ে রয়েছে অ্যাপল। তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটি এক সপ্তাহে আইফোন ১৩ বিক্রির তথ্য অন্তর্ভুক্ত করেছে। গবেষণা পরিচালনাকালীন ক্যানালিস কোনো প্রতিষ্ঠানের সঙ্গে বিক্রির পরিমাণের বিষয়ে সরাসরি কথা বলেনি। তবে এটি পরিষ্কার যে চিপ সংকট ও প্রতিযোগিতামূলক বাজারে অ্যাপল মূলত তাদের শক্তিশালী সরবরাহ শৃঙ্খলের কারণে এ অবস্থান অর্জনে সক্ষম হয়েছে।
ক্যানালিসের প্রধান গবেষক বেন স্ট্যান্টন বলেন, চিপসেটের খরা আমাদের সামনে সত্যি সত্যি চলে এসেছে। স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তাদের সরবরাহ বাড়াতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। কিন্তু দুঃখজনক হচ্ছে ২০২২ সাল পর্যন্ত চিপ সংকট চলমান থাকবে।
অন্যদিকে সংকটের মুখে উৎপাদনকারী প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা কমাতে নিজস্ব চিপ উৎপাদন শুরু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার অন্যতম গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান হুন্দাই মোটরস। সম্প্রতি প্রতিষ্ঠানটির বৈশ্বিক প্রধান পরিচালন কর্মকর্তা এক ঘোষণায় এ কথা জানান।
অন্যান্য প্রতিষ্ঠানের মতো উপকরণ সংকটের কারণে হুন্দাইও তাদের বেশকিছু কারখানা বন্ধ করে দিয়েছে। তবে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে প্রতিষ্ঠানটির প্রধান বৈশ্বিক বিপণন কর্মকর্তা জোসে মুনোজ বলেন, চিপ সংকটের কারণে যে চরম সংকটাবস্থার সৃষ্টি হয়েছিল সেটি চলে গেছে। হুন্দাইয়ের জন্য আগস্ট ও সেপ্টেম্বর সবচেয়ে বেশি কঠিন ছিল।
এদিকে চলতি বছরের বাকি দিনগুলোতে নয় কোটি ইউনিট আইফোন ১৩ উৎপাদন লক্ষ্যমাত্রা হাতে নিয়েছিল ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। কিন্তু চলমান সেমিকন্ডাক্টর - স্বল্পতায় লক্ষ্যমাত্রার চেয়ে এক কোটি ইউনিট কম ডিভাইস উৎপাদন করবে অ্যাপল।
বিনিয়োগবার্তা/ডিএফই//