
ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি পরিচালনায় ৫ সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচএম সামসুদ্দিন চৌধুরী মানিককে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে।
সোমবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদেশ অনুযায়ী গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগের সাবেক সচিব মোহাম্মদ রেজাউল আহসান, অতিরিক্ত সচিব (ওএসডি) মাহবুব কবীর মিলন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফখরুদ্দিন আহম্মেদ, আইনজীবী ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ।
গত ২২ সেপ্টেম্বর কোম্পানি আদালতে ইভ্যালির অবসায়ন চেয়ে আবেদন করা হয়। ওই আবেদনের শুনানি নিয়ে আদালত আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচএম সামসুদ্দিন চৌধুরী মানিককে প্রধান করে এ কমিটি গঠন করে দেন।
ওই দিনই হাইকোর্ট ইভ্যালির সম্পত্তি বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দেন। আর ৩০ সেপ্টেম্বর সব ধরনের নথি তলব করেন হাইকোর্ট। ১১ অক্টোবর জয়েন্ট স্টক কোম্পানির রেজিস্ট্রার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চে নথি জমা দেন।
বিনিয়োগবার্তা/এসএএম//