
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, বিভিন্ন ধর্মের মানুষের শান্তিপূর্ন সহাবস্থান বাংলাদেশের এক অনন্য বৈশিষ্ট্য, যা দেশের বৃহত্তর স্বার্থে নাগরিকদের ঐক্যবদ্ধ থাকতে সহায়তা করে।
তিনি বলেন, “বাংলাদেশ তার ধারাবাহিক এবং উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়ন কর্মদক্ষতা দিয়ে বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে মর্যাদাপূর্ন অবস্থান নিশ্চিত করতে সমর্থ হয়েছে। দেশটির আরও উন্নতি করার অপার সম্ভাবনা রয়েছে। ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের একতা বাংলাদেশের সামনের দিকে এগিয়ে যাওয়ার পথে শক্তির উৎস হবে”।
শুক্রবার (২৩ অক্টোবর ২০২১) গোপালগঞ্জের দুটি মসজিদে আর্থিক অনুদানের চেক প্রদানকালে এসব কথা বলেন ফারুক হাসান। এসময় বাবুরগতী পশ্চিমপাড়া জামে মসজিদ’কে ৭ লাখ টাকার চেক ও বায়তুল করিম জামে মসজিদ’কে ৩ লাখ টাকার চেক প্রদান করেন তিনি।
চেক হস্তান্তর অনুষ্ঠানে বিজিএমইএ এর সিনিয়র সহ-সভাপতি এস এম মান্নান (কচি), সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, সহসভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম ও সহ-সভাপতি মোঃ নাসির উদ্দিনও উপস্থিত ছিলেন।
বিজিএমইএ সভাপতি কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং গোপালগঞ্জের স্থানীয় একটি ইউনিয়ন চেয়ারম্যানের কাছে ১,৫০,০০০ পিস মাস্কও হস্তান্তর করেন।
বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//