
অসমাপ্ত প্রকল্পের সময় বৃদ্ধির কারণ কমিটির নিকট প্রেরণের সুপারিশ করেছে একাদশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
মঙ্গলবার (২৬ অক্টোবর ) সংসদীয় স্থায়ী কমিটি ১৫তম বৈঠক সভাপতি মোঃ আব্দুস শহীদ এর সভাপতিত্বে সংসদ ভবনে এ সুপারিশ করা হয়।
বৈঠকে ঢাকা জোন এর গৃহীত প্রকল্পসমূহের মাঝে অসমাপ্ত ৯ টি প্রকল্পের সময় বৃদ্ধির কারণ ও ব্যাখ্যাসহ প্রতিবেদন কমিটির নিকট প্রেরণের সুপারিশ করা হয়।
কমিটি সদস্য চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, ইউসুফ আব্দুল্লাহ হারুন, এ বি তাজুল ইসলাম, আহসান আদেলুর রহমান, ওয়াসিকা আয়শা খান এবং খাদিজাতুল আনোয়ার বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীন ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও গোপালগঞ্জ জোন এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় (সকল সংস্থাসহ) এর অধীন চলমান প্রকল্পসমূহের ওপর আলোচনা করা হয়।
এছাড়া ঢাকা-খুলনা মহাসড়কের যাত্রাবাড়ী ইন্টারসেকশন থেকে মাওয়া পর্যন্ত এবং পাচ্চর-ভাঙ্গা প্রকল্পে কাজ শেষ না হওয়ার কারণ তদন্তপূর্বক প্রতিবেদন কমিটির নিকট প্রেরণের সুপারিশ করা হয়।
এ সময়ে নারী উদ্যোক্তাদের সমাজে উৎসাহিত করতে গবেষণাপূর্বক ছোট ছোট প্রকল্পের প্রস্তাব তৈরি করে সমাজকল্যাণ মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নিকট প্রেরণের সুপারিশ করা হয়।
বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, আইএমইডির সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানগণসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিনিয়োগর্বাতা/এসআর/এসএএম//