Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 26 Oct 2021 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

২০২১-২২ অর্থবছরে সরকার কৃষিখাতে ২৮ হাজার ৩৯১ কোটি টাকার ঋণ বিতরণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। আর  বছরের প্রথম তিনমাসে (জুলাই-আগস্ট-সেপ্টেম্বর’২১) এ খাতে ৫ হাজার ২১০ কোটি টাকার কৃষিঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৫২৬ কোটি টাকা বা ১১ দশমিক ২৩ শতাংশ বেশি।

গত অর্থবছরের (২০২০-২১) প্রথম তিন মাসে কৃষি ও পল্লীঋণ খাতে ৪ হাজার ৬৮৪ কোটি টাকা বিতরণ করেছিল ব্যাংকগুলো।

বাংলাদেশ ব্যাংকের এক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে কৃষিঋণ বিতরণে ব্যাংকগুলো কিছুটা পিছিয়ে পড়লেও তৃতীয় মাস সেপ্টেম্বরে এসে ঋণ বিতরণে কিছুটা গতি বাড়ে। এ সময়ে ২ হাজার ৫৩৬ কোটি টাকা বিতরণ করেছে ব্যাংকগুলো। জুলাই ও আগস্ট মাসে কৃষিঋণ বিতরণে ২১ শতাংশ ঋণাত্মক প্রবৃদ্ধি ছিলো।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকগুলো জুলাই মাসে ৯৪২ কোটি টাকা বিতরণ করে। আর আগস্ট মাসে বিতরণ করে ১ হাজার ৭৩২ কোটি টাকা। সব মিলে ব্যাংকগুলো তিন মাসে ৫ হাজার ২১০ কোটি ৫০ লাখ টাকা কৃষিঋণ বিতরণ করে। যা বার্ষিক বিতরণের লক্ষ্যমাত্রার ১৮ দশমিক ৩৫ শতাংশ।

জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে ২৬ হাজার ২৯২ কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিলো। ওই অর্থবছরে ব্যাংকগুলো ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। আলোচ্য সময়ে ঋণ বিতরণ হয়েছিলো ৯৭ শতাংশ। টাকার অঙ্কে যা ২৫ হাজার ৫১১ কোটি টাকা। ২০১৯-২০ অর্থবছরেও কৃষিঋণ বিতরণে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয় ব্যাংক।

২০২১-২২ অর্থবছরের আলোচিত জুলাই-আগস্ট-সেপ্টেম্বরে কৃষিঋণ ৫ হাজার ৫৮৬ কোটি টাকা আদায় হয়েছে। ২০২০-২১ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে কৃষিঋণ আদায় হয়েছিল ৬ হাজার ২৭৭ কোটি টাকা।

অন্যদিকে, গত এপ্রিলে কৃষি খাতের জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। প্যাকেজের আওতায় গত ৩০ জুন পর্যন্ত পোলট্রি, ডেইরি ও প্রাণিসম্পদ, হর্টিকালচার, ফুল, ফল, মৎস্যখাতে ৪ হাজার ২৯৫ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে। করোনা পরিস্থিতি উন্নতি না হওয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক বর্গাচাষিদের জামানত ছাড়াই ২ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ রেখে গত সেপ্টেম্বরে আরও ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করে কেন্দ্রীয় ব্যাংক।

বিনিয়োগবার্তা/এসআর/এসএএম//