Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 27 Oct 2021 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

রাজশাহীর চর মাজারদিয়া সীমান্তে মিঠু (২৫) নামে এক মোটরসাইকেল রাইডার গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। স্থানীয়দের দাবি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতেই মৃত্যু হয়েছে তার।

জানা গেছে, নিহত মিঠু রাজশাহী পবা উপজেলার দামকুড়া থানার চর মাজারদিয়া গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে। পদ্মার চর এলাকায় মোটরসাইকেলে যাত্রী পরিবহন করতেন। বর্তমানে তার মরদেহ সীমান্ত এলাকাতেই রয়েছে। দামকুড়া থানা পুলিশের একটি ইউনিট তার মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।

জানতে চাইলে রাজশাহী দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, সীমান্ত এলাকায় একটি গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। তবে কীভাবে তিনি গুলিবিদ্ধ হয়েছেন সে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। বুধবার (২৭ অক্টোবর) ভোরের কোনো এক সময় এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানতে পেরে সকালে মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলের উদ্দেশে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর নিহতের মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করবে। এরপর ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে। মিঠু বিএসএফ না দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন সেটি তদন্ত ছাড়া এখনই বলা সম্ভব নয় বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

এদিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ জানান, মিঠুন চরে মোটরসাইকেলের রাইডার ছিলেন। ভারতীয় সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে মিঠুনের লাশ পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তার মৃত্যু হয়েছে। লাশ উদ্ধারের জন্য বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

মিঠু বিএসএফের গুলিতে নিহত হয়েছেন কিনা প্রশ্নে তিনি বলেন, বিজিবি সদস্যরা ঘটনাস্থলে রয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদ চলছে, পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

 বিনিয়োগর্বাতা /এসআর /