Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 31 Oct 2021 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। যেখানে ৫ রানে জিতে শিরোপা নিজেদের করে নিয়েছিল মহেন্দ্র সিং ধোনির দল।

এবার প্রায় ১৪ বছর পর সপ্তম আসরে এসে ফের ভারত-পাকিস্তান ফাইনালের আভাস পাচ্ছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। সুপার টুয়েলভে এখন পর্যন্ত হওয়া ম্যাচগুলো দেখে এমনটাই মনে হচ্ছে সাবেক লেগস্পিনারের।

শনিবার রাতে ওয়ার্নের দেশ অস্ট্রেলিয়াকে রীতিমতো বিধ্বস্ত করেছে ইংল্যান্ড। আগে ব্যাট করে অস্ট্রেলিয়া দাঁড় করিয়েছিল মাত্র ১২৫ রানের সংগ্রহ। জবাবে ২ উইকেট হারিয়ে ১১.৪ ওভারেই ম্যাচ জিতে নিয়েছে ইংল্যান্ড।

এই ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ওয়ার্ন লিখেছেন, ‘আমি এখনও বিশ্বাস করি যারা গ্রুপের শীর্ষে থাকবে এবং সেমিফাইনালে যাবে তারা হলো ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ভারত।’

এসময় সেমিফাইনাল ও ফাইনালেরও সম্ভাব্য লাইনআপ জানিয়ে তিনি আরও লিখেন, ‘সেমিফাইনাল হবে ইংল্যান্ড-ভারত এবং অস্ট্রেলিয়া-পাকিস্তান। সেখান থেকে ফাইনালে হয়তো ভারত-পাকিস্তান কিংবা অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচ দেখা যাবে।’

গত রোববার (২৪ অক্টোবর) সুপার টুয়েলভের দ্বিতীয় দিনেই মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। যেখানে ভারতকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছিল বাবর আজমের দল। তাই ফাইনালে আরেকবার দেখা হলে নিশ্চিতভাবেই প্রতিশোধের নেশায় উন্মুখ থাকবে ভারত।

বিনিয়োগর্বাতা /এসআর /