
আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের প্রয়োজনে পুলিশের মধ্য থেকে বিভিন্ন ইউনিট তৈরি হচ্ছে। এরমধ্যে শিল্প পুলিশ মালিক ও শ্রমিকদের সেতুবন্ধন তৈরিতে কাজ করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার (৩০ অক্টোবর) বিকেলে শিল্পাঞ্চল পুলিশের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারের আশুলিয়ার শ্রীপুরে অবস্থিত শিল্পাঞ্চল পুলিশ ইউনিট-১ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশ পুলিশ অত্যন্ত দক্ষ। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম। পুলিশ জনগণের বন্ধু হিসেবে ইতোমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে।
পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন প্রমুখ।
বিনিয়োগবার্তা/এসএএম//