Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 31 Oct 2021 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

দেশে টিভি কেবল নেটওয়ার্ক ডিজিটাল হলে টেলিভিশনের দর্শক, মালিক, কেবল অপারেটরসহ সকলেই উপকৃত হবেন বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সেই লক্ষ্যে মন্ত্রণালয় থেকে পূর্বে ঘোষিত সময়সীমা অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম শহরে ৩০ নভেম্বরের মধ্যে এবং গাজীপুর, নারায়ণগঞ্জসহ সকল আদি জেলা শহরে ৩১ ডিসেম্বরের মধ্যে টিভি কেবল নেটওয়ার্ক ডিজিটাল পদ্ধতিতে রূপায়ণের সর্বসম্মত সিদ্ধান্ত পুণর্ব্যক্ত করেন তিনি।

 

রোববার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে এসোসিয়েশন অভ টেলিভিশন চ্যানেল ওনার্স-এটকো এবং কেবল ডিস্ট্রিবিউটর ও অপারেটরদের প্রতিনিধিবৃন্দের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে একথা বলেন।

 

মন্ত্রণালয়ের সচিব মো: মকবুল হোসেনের পরিচালনায় এটকোর সভাপতি অঞ্জন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, সহ-সভাপতি  আরিফ হোসেন, সদস্য আব্দুস সামাদ বাবু, আহমেদ জোবায়ের, হুমায়ুন কবীর বাবলু, ডিস্ট্রিবিউটর প্রতিনিধি মোহাম্মদ আবুল খায়ের চৌধুরী, অপারেটর প্রতিনিধি এসএম আনোয়ার পারভেজ, সৈয়দ মোশারফ আলী, এবিএম সাইফুল হোসেন, মো: ফখরুদ্দিন মিয়া, মো: এনামুল হাফিজ ছোটন প্রমুখ সভায় অংশ নেন।

 

মন্ত্রী এসময় বিদেশি চ্যানেলের ক্লিনফিড বাস্তবায়ন এবং কেবল নেটওয়ার্ক ডিজিটাল করতে সরকারের সাথে একযোগে কাজ করার জন্য কেবল অপারেটরদের ধন্যবাদ জানান। ড. হাছান বলেন, ‘আমাদের প্রথম সিদ্ধান্ত বিদেশি চ্যানেলের ক্লিনফিড বাস্তবায়িত হয়েছে। অপরাপর সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করার জন্য আজকের এ বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে ৩০ নভেম্বরের মধ্যে ঢাকা এবং চট্টগ্রাম শহরে এবং গাজীপুর, নারায়ণগঞ্জসহ সকল আদি জেলা শহরে ৩১ ডিসেম্বরের মধ্যে টিভি কেবল নেটওয়ার্ক ডিজিটাল করার সিদ্ধান্ত বহাল থাকবে।

 

কেবল অপারেটরদের পক্ষ থেকে বলা হয়েছে, সময় বাড়ানোর প্রয়োজন নেই, তারা ইতোমধ্যেই তাদের প্রান্তে ডিজিটাল-হেড স্থাপন করেছেন, এখন গ্রাহকদের সেট-টপ বক্স নিতে হবে জানিয়ে সম্প্রচারমন্ত্রী বলেন, সময়সীমার মধ্যে উল্লিখিত শহরগুলোতে গ্রাহকদের সেট-টপ বক্স না থাকলে টেলিভিশন দেখার ক্ষেত্রে ব্যত্যয় হবে। সহজ কিস্তিতে সুলভ মূল্যে কেবল অপারেটরা গ্রাহকদের সেট-টপ বক্স সরবরাহ করবে। এটকো প্রতিনিধিবৃন্দ এবিষয়ে সমস্ত টেলিভিশন চ্যানেলে ব্যাপকভাবে প্রচারণা চালানো হবে বলেছেন।

 

তথ্যমন্ত্রী বলেন, কেবল নেটওয়ার্কিং সিস্টেম ডিজিটাল হলে সবার জন্যই সুবিধা। গ্রাহকরা আরো ভালোভাবে টেলিভিশন দেখতে পাবে। ডিজিটাল না হওয়ায় সরকার প্রতি মাসে ১শ ২৫ থেকে দেড়শ কোটি টাকার ভ্যাট হারাচ্ছে। কেবল অপারেটররাও যে ফিড অপারেটরের কাছ থেকে গ্রাহকসংখ্যার ভুল হিসেবের ফলে বঞ্চিত হচ্ছে।  টেলিভিশনের কর্তৃপক্ষও তাদের দর্শকসংখ্যা জানতে পারছেন না।

 

সম্প্রচারমন্ত্রী আরো জানান, ‘ওটিটি প্লাটফমের জন্য নীতিমালার খসড়া তৈরি হয়েছে। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তাদের কাছে পাঠানোর ব্যবস্থা করেছি। দেখা যাচ্ছে, যে সমস্ত চ্যানেল কেবল নেটওয়ার্কে মাধ্যমে ক্লিনফিড ছাড়া দেখা যাচ্ছে না, সে সমস্ত চ্যানেল অনেক ক্ষেত্রে ওটিটি প্লাটফর্মের মাধ্যমে দেখা যাচ্ছে। এটিও আইনের বরখেলাপ এবং নীতিমালার আলোকে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

 

বিনিয়োগবার্তা/এসএএম//