Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 14 Jun 2026 04:19
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদী জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদকে গুম, সদস্য মাহফুজ সরকার হত্যাকান্ড এবং পলাশে ড. মঈন খানের ইফতার মাহফিলে হামলা ও ভাংচুরের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে নরসিংদী জেলা বিএনপি।

শনিবার শহরের চিনিশপুরস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, সিনিয়র সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, সহ-সভাপতি এড. আব্দুল বাছেদ ভূঁইয়া, বিজি রশিদ নওশের, যুগ্ম সম্পাদক আকবর হোসেন, দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূইয়া ও জেলা যুবদলের আহবায়ক মহসিন হোসাইন বিদ্যুৎ প্রমুখ।

সাংবাদিক সম্মেলনে বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার বলেন, দমন নীতি চালিয়ে নেতাকর্মীদের হত্যা ও গুম করে কোন আন্দোলন স্তবব্দ করা যায়নি, ভবিষ্যতেও যাবে না। ইতিহাস বড়ই নিষ্ঠুর, অতীতে যারা এ ধরনের দমননীতি চালিয়েছে তারাই ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ একজন জনপ্রিয় ছাত্র নেতা। তিনি নরসিংদী সরকারী কলেজ সংসদের নির্বাচিত এজিএস ছিলেন। তার বিরুদ্ধে কোন মামলা নেই। গত বৃহস্পতিবার গভীর রাতে সাদা পোশাকধারীরা বাড়ী ঘেরাও করে তাকে ঘুম থেকে তুলে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। এব্যপারে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করা হলে তারা তাকে গ্রেফতারের কথা স্বীকার করেনি। আমরা মানবিক কারনে অনুরোধ জানাই যারাই নাহিদকে বাড়ী থেকে নিয়ে গেছেন, আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে আদালতে সোপর্দ করুন, নতুবা তার পিতামাতার নিকট ফিরিয়ে দিন।

অন্যান্য বক্তাগন জেলা ছাত্রদলের সদস্য মাহফুজ সরকার হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। তারা পলাশে ড. মঈন খানের ইফতার মাহফিলে হামলার নিন্দা জানিয়ে বলেন, ইফতার মাহফিল একটি  ধর্মীয় অনুষ্ঠান। ধর্ম বিশ্বাসী কোন ব্যক্তি বা গোষ্ঠি ইফতার মাহফিলে হামলা চালাতে পারে না। হামলা জানিয়ে মানুষ খুন করে, গুম করে কেউ পার পাবে না। সময়ই হবে তাদের উত্তম বিচারক।

(এসএইচআর/ এসএএম/ ১১ জুন ২০১৭)