
দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর সিএমএ ডিগ্রি অর্জনকারীদের সংবর্ধনা দেওয়া হয়েছে ।
বৃহস্পতিবার (৪ নভেম্বর ) সন্ধ্যায় আইসিএমএবি রুহুল কুদ্দুস অডিটরিয়াম নীলক্ষেত ঢাকায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আইসিটি বিভাগের সিনিয়র সচিব জনাব এন এম জিয়াউল আলম, প্রধান অতিথি হিসেবে এবং সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) এর প্রেসিডেন্ট এবং ইনস্টিটিউটের সাবেক প্রেসিডেন্ট এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এন এম জিয়াউল আলম জুন ২০২১ সিএমএ সমাপনী পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ৪৩ জন শিক্ষার্থীকে অভিনন্দন জানান। নবীন উত্তীর্ণ শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার পাশাপাশি তিনি ইনস্টিটিউট এবং সিএমএ পেশার সার্বিক উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং উত্থাপিত বিভিন্ন প্রস্তাবনার বিষয়ে যথাযথ ভূমিকা রাখবেন বলে আশ্বাস দেন।
এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএ বলেন, সিএমএ পেশাদারগণ তাদের পেশাগত ভূমিকার মাধ্যমে অর্থনীতির বিভিন্ন খাতে স্বচ্ছতা আনয়ন করতে পারবেন। সিএমএ পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের তিনি অভিনন্দন জানান।
আইসিএমএবি প্রেসিডেন্ট আবু বকর ছিদ্দিক এফসিএমএ দেশের সার্বিক উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজের জন্য সদ্য উত্তীর্ণ সিএমএ-দের আহবান করেন। আজকের সাফল্যের মাধ্যমে তাদের নতুন দায়িত্ব শুরু। পেশা এবং ইনস্টিটিউটের প্রতি দায়বদ্ধতা রেখে যথাযথ উন্নয়নের জন্য তিনি তাদের উদ্বুদ্ধ করেন ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্টদ্বয় মো: মামুনুর রশিদ এফসিএমএ ও মোঃ মনিরুল ইসলাম এফসিএমএ, সচিব কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন এফসিএমএ এবং কোষাধ্যক্ষ একেএম কামরুজ্জামান এফসিএমএ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাউন্সিল সদস্য জনাব মোঃ আলী হায়দার চৌধুরী এফসিএমএ।
বিনিয়োগর্বাতা /এসআর/