
কভিডের বিপর্যয় কাটিয়ে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বেশ বড় ধরনের আয় করেছে রাইড-শেয়ারিং প্রতিষ্ঠান উবার। এজন্য চালক ও যাত্রীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে কোম্পানিটি। খবর: এপি।
সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় গত বছরের একই সময়ের তুলনায় ৭২ শতাংশ বেড়েছে। তৃতীয় প্রান্তিকে উবারের রাজস্ব আয়ের পরিমাণ দাঁড়ায় ৪৮৫ কোটি ডলার। এ সময়ে কোম্পানিটির গড় বুকিংয়ের পরিমাণ ৫৭ শতাংশ বেড়ে ২ হাজার ৩১০ কোটি ডলারে দাঁড়ায়। উবার জানায়, হ্যালোইনকে কেন্দ্র করে রাইড-শেয়ার বুকিং উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে, যা ২০১৯ সালের একই সময়ে গড় বুকিংয়ের পরিমাণকে ছাড়িয়ে যায়।
উবার জানায়, তৃতীয় প্রান্তিকে সুদ, কর, অবচয় এবং পরিশোধ (ইবিআইটিডিএ)-পূর্ববর্তী সামঞ্জস্যপূর্ণ আয়ের পরিমাণ মোট ৮০ লাখ ডলার।
উবার টেকনোলজিস আশা করছে, চতুর্থ বা শেষ প্রান্তিকের জন্য প্রতিষ্ঠানটির গড় বুকিংয়ের পরিমাণ ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ কোটি ডলার দাঁড়াবে। এ সময়ে ইবিআইটিডিএ-পূর্ববর্তী আয়ের পরিমাণ দাঁড়াবে ২ কোটি ৫০ লাখ ডলার থেকে ৭ কোটি ৫০ লাখ ডলার।
বিনিয়োগবার্তা/এসএএম//