Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 07 Nov 2021 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

পরিকল্পিত এবং ডাইনামিক অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করে দেশের বিভিন্ন অঞ্চলকে অর্থনীতির মূল ধারায় সম্পৃক্তকরণে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কাজ করে চলেছে বলে জানিয়েছেন বেজার নির্বাহী সদস্য এবং অতিরিক্ত সচিব আব্দুল আজিম চৌধুরী। সেই সাথে বাংলাদেশ সরকারের বিনিয়োগবান্ধব নীতিমালার প্রতি আস্থা প্রকাশ করে সরকারকে দক্ষ শ্রম ব্যবস্থাপনা, দ্রুত সেবা প্রদান, স্বর্ণ বিষয়ক নীতিমালা আধুনিকীকরণেরও আহ্বান জানান তিনি।

 

সংযুক্ত আরব আমিরাতের দুবাই এক্সপো ২০২০-এ শনিবার ছিল বাংলাদেশি ব্যবসায়ীদের যেন মিলন মেলা। বিনিয়োগ আকর্ষণের অংশ হিসেবে বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের আয়োজনে এদিন এক সেমিনার অনুষ্ঠিত হয়।

 

সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল – INVEST IN ECONOMIC ZONES OF BANGLADESH: OPPORTUNITIES BEYOND BOUNDARIES।

 

সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ মিশন এবং দুবাই-এ অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয়ের সার্বিক সহযোগিতায় সেমিনারটি আয়োজন করা হয়।

 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেজার নির্বাহী সদস্য এবং অতিরিক্ত সচিব জনাব আব্দুল আজিম চৌধুরী এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূত মোঃ আবু জাফর। এছাড়াও দুবাই-এ বাংলাদেশের কনস্যুলার জেনারেল বি এম জামাল হোসেন সেমিনারে উপস্থিত ছিলেন।

 

সেমিনারে দুবাইয়ে অবস্থিত বাংলাদেশের ব্যবসায়ি প্রতিনিধিবৃন্দ এবং ভারত, চীন, আরব আমিরাতসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা অংশ নেন। সেমিনারের মূল প্রেজেন্টেশনে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের কর্মকান্ড সকলের সামনে তুলে ধরার পাশাপাশি বিনিয়োগের জন্য বিভিন্ন প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করা হয়।

 

সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে বেজার নির্বাহী সদস্য এবং অতিরিক্ত সচিব আব্দুল আজিম চৌধুরী বলেন, ভূমি ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে বেজা বাংলাদেশে শিল্পায়নের গতিতে আমূল পরিবর্তন আনতে চলেছে।

 

তিনি আরো বলেন, সকল সরকারী সকল সংস্থার আন্তরিক সহযোগিতায় বেজা বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরসহ বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জাপানীজ অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের জন্য সুমিতোমো কর্পোরেশনের সাথে জয়েন্ট ভেঞ্চার চুক্তিসহ বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল স্থাপনে ভূমিকাকে তিনি বেজার জন্য মাইলফলক বলে উল্লেখ করেন।

 

তিনি আরো বলেন, পৃথিবীর বিভিন্ন দেশের সাথে তাল মিলিয়ে পরিকল্পিত এবং ডাইনামিক অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করে দেশের বিভিন্ন অঞ্চলকে অর্থনীতির মূল ধারায় সম্পৃক্তকরণে বেজা ভূমিকা রেখে চলেছে। দুবাই থেকে বেজার মাধ্যমে বৈদেশিক বিনিয়োগের একটি ধারা অচিরেই স্থাপন করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূত মোঃ আবু জাফর দুবাই এক্সপোতে বিনিয়োগ আকর্ষণে এ সেমিনার আয়োজনের জন্য বেজাকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, এ সেমিনারের ফলে দুবাই থেকে বাংলাদেশে বিনিয়োগের জন্য একটি ক্ষেত্র প্রস্তুত হলো, যা এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

 

সেমিনারের মূল প্রেজেন্টেশনে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের কর্মকান্ড সকলের সামনে তুলে ধরার পাশাপাশি বিনিয়োগের জন্য বিভিন্ন প্রয়োজনীয় তথ্য উপস্থাপনা করা হয়।

 

সেমিনারে প্রবাসী এবং বিদেশী বিনিয়োগকারী বেজার কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেন।

 

বিনিয়োগবার্তা/এসএএম//