
চলমান বাস ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন পরিবহন মালিকরা।
রোববার রাজধানীর বনানীতে বিআরটিএ’র প্রধান কার্যালয়ে মালিক সমিতির নেতাদের সঙ্গে কর্তৃপক্ষের একটি বৈঠক হয়। সেখানে পরিবহন মালিকদের প্রস্তাবের বিষয়ে একমত হয় দুইপক্ষ। আর এরপরই ধর্মঘট প্রত্যাহারের কথা জানানো হয়।
জানা গেছে, দেশে দূরপাল্লার বাস-মিনিবাসের ভাড়া গড়ে ২৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষের (বিআরটিএ) ভাড়া নির্ধারণী কমিটি। একইভাবে মহানগর এলাকার বাস ভাড়া ২৬ দশমিক ৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। তবে কেবল ডিজেলচালতি বাসের ভাড়া বাড়বে, সিএনজিচালিত কোনো বাস বর্ধিতহারে ভাড়া আদায় করতে পারবে না বলেও জানিয়েছে বিআরটিএ।
সভা থেকে বাসের সর্বনিম্ন ভাড়া ৭ টাকা থেকে ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৫ টাকা থেকে ৮ টাকায় উন্নীত করার প্রস্তাব দেয়া হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, দুরপাল্লার বাস-মিনিবাসে প্রতি কিলোমিটারের জন্য ১ টাকা ৮০ পয়সা ভাড়া আদায় করা হবে। মহানগর এলাকায় বাসে যাত্রীপ্রতি কিলোমিটারে আদায় করা হবে ২টাকা ১৫ পয়সা। আর মিনিবাসে আদায় করা হবে ২ টাকা ৫ পয়সা।
এতদিন দূরপাল্লার রুটে যাত্রীপ্রতি ভাড়া কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সা, মহানগর এলাকায় বাসে ১ টাকা ৭০ পয়সা এবং মিনিবাসে ভাড়া ১ টাকা ৬০ পয়সা হারে ভাড়া আদায় করা হয়ে আসছিল।
বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার জানান, আজই ভাড়া বৃদ্ধির বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। নতুন ভাড়া কাল থেকেই কার্যকর হবে।
অন্যদিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ সারাদেশে বাস ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।
বিনিয়োগবার্তা/এসএএম//