Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 10 Nov 2021 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পদক্ষেপের কারণে করোনাকালে সব শ্রেণী-পেশার মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

মঙ্গলবার সংসদ ভবনে আন্তর্জাতিক খাদ্য নীতি গবেষণা প্রতিষ্ঠান (আইএফপিআরআই)-এর প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

আইএফপিআরআই’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ড. মেহরাব বখতিয়ারের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন  সিনিয়র কমিউনিকেশন স্পেশালিস্ট মোঃ শফিকুল করিম ও সিনিয়র ডাটাবেজ ম্যানেজার আমিনুল ইসলাম খন্দকার।

এসময় তারা 'সিকিউরিং ফুড ফর অল ইন বাংলাদেশ'' বইটি স্পিকারের কাছে হস্তান্তর করেন।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের খাদ্য নিরাপত্তা পরিস্থিতি ও কোভিডকালীন সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপ  বিষয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, কোভিড-১৯ মহামারির মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কারণে সকল শ্রেণী-পেশার মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। ভালনারেবল গ্রুপ ফিডিং, ১০টাকায় চাল, টিসিবির খাদ্য বিতরণ প্রভৃতি কর্মসূচির পাশাপাশি জরুরি ফোনকলের ভিত্তিতে মানুষের দোরগোড়ায় সরকার খাবার পৌঁছে দিয়েছে। গ্রামাঞ্চলের দরিদ্র মানুষের পাশাপাশি শহরাঞ্চলের রিক্সাচালকসহ অন্যান্য দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সরকার কাজ করে যাচ্ছে।

ড. মেহরাব বখতিয়ার বলেন, আইএফপিআরআই বিভিন্ন দেশে খাদ্য নিরাপত্তা বিষয়ে জরিপ পরিচালনা করে থাকে। কোভিডকালীন কঠোর লকডাউন সময়ে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশে চরম খাদ্য চাহিদা দেখা দিলেও বাংলাদেশ সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচির কারণে খাদ্যাভাব পরিলক্ষিত হয়নি, যা জরিপে উঠে এসেছে।

এসময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এসএএম//