Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 13 Nov 2021 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিশ্বে প্রতিদিন যে পরিমাণ কার্বন নিঃসরণ ঘটে তার একটা বড় অংশ আসে যানবাহনগুলো থেকে। এগুলোর নিঃসরণ কীভাবে নিয়ন্ত্রণে আনা যায় তা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। এমন বাস্তবতায় বিশ্বের অন্যতম ছয়টি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নতুন প্রতিশ্রুতি দিয়েছে। বৈশ্বির কার্বন নিঃসরণ কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে ২০৪০ সালের মধ্যে জীবাশ্ম জ্বালানিভিত্তিক গাড়ি তৈরি বন্ধ করবে প্রতিষ্ঠানগুলো। জাতিসংঘের জলবায়ু সম্মেলনে পরিবহন খাতের জন্য নির্ধারিত দিনে এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সরকার।

সুইডেনের ভলভো, যুক্তরাষ্ট্রের ফোর্ড মোটরস ও জেনারেল মোটরস, মার্সিডিজ বেঞ্জ, চীনের বিওয়াইডি এবং ভারতের টাটা মোটরসের মালিকানাধীন জাগুয়ার ল্যান্ড রোভার গ্লাসগোয় চলমান জলবায়ু সম্মেলনে এ বিষয়ে চুক্তি করতে সম্মত হয়েছে। প্রতিষ্ঠানগুলোর এ উদ্যোগ বৈশ্বিক উষ্ণতা রোধে সহায়তা করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

তবে এ প্রতিশ্রুতির সঙ্গে নেই বিশ্বের সবচেয়ে বড় দুটি প্রতিষ্ঠান টয়োটা মোটর করপোরেশন ও ফক্সওয়াগন এজি। সেইসঙ্গে বিশ্বের চতুর্থ বৃহত্তম গাড়ি নির্মাতা স্টেলান্টিস, জাপানের হোন্ডা মোটর ও নিশান মোটর, জার্মানির বিএমডব্লিউ এবং কোরিয়ার হুন্দাই মোটর এ চুক্তিতে সম্মতি দেয়নি। ফলে শূন্য নির্গমনের ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়াটা অনেকটাই চ্যালেঞ্জের হবে।

ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির একটি পরিসংখ্যানে বলা হচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশে চলাচলকারী কার, ট্রাক, জাহাজ, বাস ও উড়োজাহাজগুলো বৈশ্বিক কার্বন নিঃসরণের জন্য এক-চতুর্থাংশ দায়ী। এর মধ্যে সবচেয়ে বেশি দায় সড়কপথে চলাচলকারী বাহনের।

অবশ্য এ চুক্তি বা প্রতিশ্রুতির আগেই ২০৩০ সালের মধ্যে পুরোপুরি বৈদ্যুতিক গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেতে চায় ভলভো। ফলে প্রতিশ্রুতি পূরণে সংস্থাটিকে তেমন বেগ পেতে হবে না।

এবারের কপ২৬ সম্মেলনের আয়োজন করেছে যুক্তরাজ্য। দেশটি বলছে, যে দেশগুলো ২০৪০ সালের মধ্যে সব ধরনের গাড়ি থেকে কার্বন নিঃসরণ বন্ধের প্রতিশ্রুতি করেছে তাদের সঙ্গে যোগ দিচ্ছে আরো চারটি দেশ। এর মধ্যে রয়েছে নিউজিল্যান্ড ও পোল্যান্ড।

জেনারেল মোটরস জানিয়েছে, বিভিন্ন দেশের বড় বড় প্রতিষ্ঠান, সরকার ও সুশীল সমাজের সঙ্গে এক কাতারে দাঁড়িয়ে ২০৩৫ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি করতে সক্ষম হওয়ায় তারা গর্বিত। ফোর্ডও অংশগ্রহণের কথা নিশ্চিত করেছে। সংস্থাটি বলছে, সফল হতে হলে সবাইকে মিলে কাজ করতে হবে।

একটি সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র এ প্রতিশ্রুতিতে যোগ দেয়নি। তবে সবচেয়ে বেশি গাড়ি বিক্রীত অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্ক চুক্তিতে সই করেছে। অন্যদিকে কিছু গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান প্রতিশ্রুতির বিষয়ে বেশ দুশ্চিন্তায়ও পড়েছে। কারণ এর মাধ্যমে তাদের যে প্রযুক্তিগত রূপান্তরের মধ্য দিয়ে যেতে হবে তা বেশ ব্যয়বহুল। তবে বিভিন্ন দেশের সরকার যদি যথাযথ অবকাঠামো তৈরি করে দেয় বা শুল্কহার কমিয়ে দেয়, তাহলে তা ব্যবসায়ীদের জন্য সুবিধাজনক হতে পারে। কিন্তু সরকারগুলোর পক্ষ থেকে বৈদ্যুতিক গাড়ি নির্মাতাদের জন্য এমন কোনো প্রতিশ্রুতি এখনো পাওয়া যায়নি।

এর আগে ২০৩৫ সালের মধ্যে যানবাহনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করতে কার্যকর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেছিল ইউরোপীয় কমিশন। সেইসঙ্গে বৈদ্যুতিক গাড়িগুলোর জন্য যথেষ্ট পরিমাণ চার্জিং অবকাঠামো নির্মাণ করে দেয়ারও প্রতিশ্রুতি দেয়া হয়।

বিনিয়োগর্বাতা/এসআর/