Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 14 Nov 2021 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: খুলনা জেলার প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের প্রায় ৩৫০ জন শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের হাতে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে মৃত্যুজনিত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, দুর্ঘটনায় আহত এবং শ্রমিকদের সন্তানের উচ্চশিক্ষার জন্য এ সহায়তা দেয়া হয়।

 

শনিবার খুলনা মহানগরীর রূপসা এলাকায় বিভাগীয় শ্রম দপ্তর চত্বরে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী শ্রমিকদের হাতে এসব চেক তুলে দেন।

 

জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক গৌতম কুমার। এতে আরো উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এসএম ফজলুর রহমান, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মো. মাহফুজুর রহমান ভূঁইয়া, খুলনা জেলা জাতীয় শ্রমিক লীগের এম জাফর এবং মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিত কুমার ঘোষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠনে স্বাগত বক্তব্য দেন খুলনা শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মো. মিজানুর রহমান। খুলনা বিভাগীয় শ্রম দপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শ্রম প্রতিমন্ত্রী বলেন, পাটকল বন্ধ হয়েছে বলা যায় না, উৎপাদন বন্ধ রয়েছে। প্রধানমন্ত্রী শ্রমিকদের পাওনাদি কড়ায় গণ্ডায় মিটিয়ে দিয়েছেন। পাট শিল্পসংশ্লিষ্টদের সুখবর দিয়ে প্রতিমন্ত্রী বলেন, পাঁচটি পাটকল চালুর জন্য এরই মধ্যে দরপত্র জমা হয়েছে। বিশেষজ্ঞ কমিটির বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা চলছে। শিগগিরই পাটকলগুলো আবার চালু হবে বলে তিনি আশা করেন।

 

শ্রম প্রতিমন্ত্রী শ্রমিকদের উদ্দেশে বলেন, কর্মকে ফাঁকি দিও না, জীবন তোমাকে ফাঁকি দেবে। কর্ম করে জীবনমানের উন্নয়ন করতে হবে। অসুস্থ, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকরা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে আবেদন করলে দ্রুত সহায়তার উদ্যোগ নেয়া হবে। সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার কথা তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশী-বিদেশী সব ষড়যন্ত্র মোকাবেলা করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে সজাগ থেকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

 

বিনিয়োগবার্তা/এসআর/এসএএম//