Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 14 Nov 2021 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: স্বল্পোন্নত দেশ থেকে উত্তোরনের (এলডিসি) পরবর্তী পর্যায়ে বাজারে প্রবেশাধিকার ধরে রাখতে যুক্তরাজ্যের এমপিদের সমর্থন চেয়েছে বাংলাদেশের তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।

 

শনিবার (১৩ নভেম্বর ২০২১) লন্ডনে যুক্তরাজ্যের সংসদ সদস্য রুশনারা আলী এবং রূপা হক এর সাথে সাক্ষাৎ করে এ বিষয়ে তাদের সমর্থন চান বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

 

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তোরন, শূল্ক ব্যবস্থায় সম্ভাব্য পরিবর্তন এবং এলডিসি পরবর্তী যুগে কিভাবে বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে তার প্রশোধিকার ধরে রাখতে পারে, সে বিষয়ে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

 

বিজিএমইএ সভাপতি স্বল্পোন্নত দেশ থেকে উত্তোরনের পরও বাংলাদেশের জন্য যেন শূল্ক-সুবিধা অব্যাহত থাকে, সে বিষয়ে সহযোগিতা ও সমর্থন প্রদানের জন্য রুশনারা আলী এবং রুপা হককে অনুরোধ জানান। বৈঠকে বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ রাজনীতিবিদরাও উপস্থিত ছিলেন।

 

আলোচনাকালে ফারুক হাসান বাংলাদেশের উন্নয়নে অনাবাসী বাংলাদেশীদেরকে (এনআরবি) যুক্ত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন।

 

তিনি বলেন, অনাবাসী বাংলাদেশীরা দক্ষতা, প্রযুক্তিগত দক্ষতা, জ্ঞান এবং বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নকে তরান্বিত করার ক্ষেত্রে ব্যাপক অবদান রাখতে পারেন।

যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশীদের মধ্যে অনেকেই ঐদেশে সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী  হিসেবে প্রতিষ্ঠিত, আবার অনেকেই রাজনীতিবিদ এবং সংসদ সদস্য হিসেবে ঐদেশের সরকারের উপর ব্যাপক প্রভাব রাখেন। পাশাপাশি, উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশী অভিবাসী শিক্ষাবিদ, গবেষক, উচ্চপদস্থ কর্মকর্তা এবং অন্যান্য মর্যাদাপূর্ন পদে আসীন রয়েছেন।

 

তারা বাংলাদেশের আর্থিক, সামাজিক এবং অর্থনৈতিক অবস্থার কাঠামোদানে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে পারেন।

 

বিজিএমইএ সভাপতি যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশীদেরকে উচ্চ মূল্য সংযোজিত পণ্য এবং নন-কটন টেক্সটাইলসহ বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগে উৎসাহিত করার বিষয়ে সহযোগিতা প্রদানের জন্য যুক্তরাজ্যের দুই সংসদ সদস্যকে অনুরোধ জানান।

তিনি যুক্তরাজ্যের এমপি’দেরকে নিরাপত্তা, টেকসই উন্নয়ন এবং সামাজিক কমপ্লায়েন্স প্রভৃতি ক্ষেত্রে শিল্পে যে দৃষ্টান্তমূলক অগ্রগতি হয়েছে সে বিষয়েও অবহিত করেন, যা কিনা শিল্পকে বৈশ্বিক স্বীকৃতি এনে দিয়েছে।

 

বিনিয়োগবার্তা/এসএএম//