
নিজস্ব প্রতিবেদক: রপ্তানী উন্নয়ন ব্যুরো (ইপিবি) আয়োজিত ৭ দিনব্যাপী “সোর্সিং বাংলাদেশ-২০২১, ভার্চুয়াল সংস্করণ” এর উদ্বোধন হয়েছে।
সোমবার (১৫ নভেম্বর ২০২১) সকালে দেশের রপ্তানিকারকদের সুবিধার্থে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্লাটফর্মটির শুভ উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এম.পি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, এফবিসিসিআই’র সভাপতি মো: জসিম উদ্দিন এবং বিজিএমইএ-এর সভাপতি ফারুক হাসান।
অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি মো: জসিম উদ্দিন বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে সারা বিশ্বে ব্যাবসা বাণিজ্য বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্য অনেকটা স্থবির হয়ে পড়েছে। এরফলে পূর্বের ন্যায় পণ্য প্রদর্শনের জন্য আন্তর্জাতিক মেলা বা এক্সিবিশনও হচ্ছে না। বিদেশি ক্রেতা এবং বিক্রেতারা সরাসরি উপস্থিত থেকে পণ্য অর্ডার করতে পারছে না। এরূপ পরিস্থিতিতে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে রপ্তানি উন্নয়ন ব্যুরো আয়োজিত এই উদ্যোগ অত্যন্ত ফলপ্রসূ হবে বলে আমি মনে করি।
অনুষ্ঠানে জানানো হয়, এই ভার্চুয়াল শো এর মাধ্যমে বাংলাদেশের রপ্তানীকারকগণ নিজেদের অফিসে বসে বিদেশী ক্রেতাদের সাথে অনলাইন প্ল্যাটর্মের মাধ্যমে যোগাযোগ করার সুযোগ পাবে। একই প্লাটফর্মে বাংলাদেশী সকল রপ্তানি পণ্য প্রদর্শিত হওয়ায় নুতন ক্রেতা এবং বিনিয়োগ আকর্ষণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিনিয়োগবার্তা/এসএএম//